১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেন্নাইয়ে এলিসের বদলি আরেক অস্ট্রেলিয়ান

স্পেন্সার জনসনকে দেড় কোটি রুপিতে চুক্তিভুক্ত করেছে পাঁচবারের শিরোপাজয়ীরা।

চেন্নাইয়ে এলিসের বদলি আরেক অস্ট্রেলিয়ান
অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসন। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 10:39 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

এক অস্ট্রেলিয়ানের জায়গায় আরেক অস্ট্রেলিয়ানকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। চোটে ছিটকে পড়া ন্যাথান এলিসের বদলি হিসেবে স্পেন্সার জনসনকে স্কোয়াডে যোগ করেছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

দেড় কোটি রুপিতে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি খেলা জনসনকে চুক্তিভুক্ত করেছে চেন্নাই।

গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে কেবল একটি ম্যাচ খেলেন এলিস। তবুও তাকে এবারের নিলামের আগে দুই কোটি রুপিতে ধরে রাখে দলটি। 

গত আইপিএল চেন্নাইয়ের জন্য ছিল বিভীষিকার মতো। দলটি গতবার ১৪ ম্যাচের মাত্র চারটিতে জিতে পয়েন্ট তালিকায় ছিল তলানিতে। এবার তাই দল অনেকটা ঢেলে সাজানো হয়েছে। সবসময় অভিজ্ঞতায় জোর দিয়ে দল গড়লেও, এবার তারা ভবিষ্যতে চোখ রেখে চোখধাঁধানো অঙ্কে তরুণ কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে।

ঘুরে দাঁড়ানোর অভিযানে চেন্নাইয়ের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এলিস। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে গোটা আসর থেকেই ছিটকে যান অস্ট্রেলিয়ান পেসার।

তার বদলি হিসেবে ডাক পাওয়া জনসন আগেও আইপিএলে খেলেছেন। ২০২৪ সালে গুজরাট টাইটান্স ও গত বছর কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেন তিনি। আইপিএলে ৯ ম্যাচ খেলে পাঁচ উইকেট নেওয়া ৩০ বছর বয়সী পেসার পেলেন এবার নতুন ঠিকানা।