১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডোপ টেস্টে পজিটিভ হয়ে পিসিবির তদন্তের মুখে নাওয়াজ

ইএসপিএনক্রিকইনফোর খবর, সারের সঙ্গে তার টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার চুক্তি ভেস্তে গেছে।

ডোপ টেস্টে পজিটিভ হয়ে পিসিবির তদন্তের মুখে নাওয়াজ
মোহাম্মাদ নাওয়াজ। ছবি: এসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 07:16 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন মোহাম্মাদ নাওয়াজ। তার শরীরে ‘রিক্রিয়েশনাল ড্রাগ’ পাওয়া গেছে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে সারের সঙ্গে চুক্তি করেছিলেন নাওয়াজ। পুরো আসরে খেলার কথা ছিল তার। সপ্তাহ দুয়েক আগে তাকে অনাপত্তিপত্র দেওয়ার ঘোষণাও দেয় পিসিবি। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেখানে খেলা হচ্ছে না পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডারের।

ক্রিকইনফোর খবর, সারের সঙ্গে নাওয়াজের চুক্তিটি ভেস্তে গেছে। যদিও ইংলিশ ক্লাবটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় করানো ডোপ টেস্টে এই পজিটিভ ফল আসে নাওয়াজের, জানিয়েছে ক্রিকইনফো। ওই আসরে দলের সাতটি ম্যাচেই একাদশে ছিলেন তিনি। ১৫ রান করার পাশাপাশি নিয়েছিলেন সাতটি উইকেট। টুর্নামেন্টের সুপার এইট থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান।

চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতান্সের প্রতিনিধিত্ব করছেন নাওয়াজ। এখন পর্যন্ত আট ম্যাচ ৩৬ রান করেছেন তিনি। উইকেট নিতে পেরেছেন ছয়টি।