১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়াসিমের রেকর্ড ভেঙে তাকেই সেরা মানছেন স্টার্ক

বাঁহাতি পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারের কীর্তি গড়া মিচেল স্টার্ক এখনও এগিয়ে রাখছেন ওয়াসিম আকরামকে।

ওয়াসিমের রেকর্ড ভেঙে তাকেই সেরা মানছেন স্টার্ক
অস্ট্রেলিয়ার গতিময় পেসার মিচেল স্টার্ক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 09:59 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

যেই সংস্করণকে হৃদয়ে লালন করেন মিচেল স্টার্ক, সেই টেস্ট ক্রিকেট তাকে দিচ্ছে দুহাত ভরে। সাদা পোশাকে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার গতিময় বোলার। তবে মাটিতেই পা রাখছেন তিনি। যার রেকর্ড ভেঙেছেন, সেই ওয়াসিম আকরামকে এখনও নিজের চেয়ে ভালো মনে করেন স্টার্ক।

ব্রিজবেনে গোলাপি বলের টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ভোগান স্টার্ক। ৭১ রান খরচায় ৬ উইকেট নেন তিনি। টেস্টে এনিয়ে ১৮ বার ইনিংসে পেলেন পাঁচ উইকেটের স্বাদ। আর দিন-রাতের টেস্টে ষষ্ঠবার।

দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের দিন ওয়াসিমের ৪১৪ উইকেটের রেকর্ড ভেঙে দেন স্টার্ক। তার নামের পাশে উইকেট এখন ৪১৮টি।

যার কাছে রেকর্ড হারিয়েছেন ওয়াসিম, সেই স্টার্ককে এক্স বার্তায় সাধুবাদ জানিয়েছেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট।

“দুর্দান্ত স্টার্ক। তোমার জন্য গর্বিত। তোমার অবিশ্বাস্য কঠোর পরিশ্রম তোমাকে সবার থেকে আলাদা করে তোলে। আমার উইকেটের সংখ্যা তোমার অতিক্রম করাটা কেবল সময়ের ব্যাপার ছিল। এটা (রেকর্ড) তোমার হওয়ায় আমি আনন্দিত! শুভকামনা, তোমার অসাধারণ ক্যারিয়ারে নতুন উচ্চতায় উঠতে থাকো।”

দিনের খেলা শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্টার্ককে জিজ্ঞাসা করা হয়, তিনি নিজেকে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বকালের সেরা মনে করেন কিনা। সেই আলোচনায়ই যেতে চান না স্টার্ক, “আমি নিজেকে এমনটা বলতে পারব না।”

এরপর স্টার্ক তুলে ধরেন ওয়াসিম আকরামের প্রতি তার সম্মানের বিষয়টি।

“আমি পরে এটা নিয়ে ভাববো, ওয়াসিম এখনও আমার চেয়ে অনেক ভালো বোলার। আমার মতে, তিনি এখনও বাঁহাতি বোলারদের মধ্যে সেরা এবং নিশ্চিতভাবেই এই খেলার সেরা বোলারদের একজন। তাই এ নিয়ে আলোচনা করাটা দারুণ ব্যাপার, কিন্তু আমি কেবল আরও কিছু উইকেট নেওয়ার চেষ্টা করব।”

স্টার্কের ছোবল সামলেও ভালো একটি দিন পার করেছে ইংল্যান্ড। ৯ উইকেটে ৩২৫ রান করেছে তারা। যার কৃতিত্ব জো রুটের। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম সেঞ্চুরিতে ১৩৫ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ইংলিশ ব্যাটিং গ্রেট।