যোগাযোগের স্বচ্ছতা না থাকায় হতাশ পাকিস্তান কোচ
তবে নতুন পরিস্থিতিতে মানিয়ে নিয়ে কাজ করে যেতে চান অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি।
পাকিস্তান দলে কাজের পরিধি কমে গেছে জেসন গিলেস্পির। এখন আর নির্বাচক প্যানেলের অংশ নন টেস্ট দলের এই কোচ। এতে কিছুটা হতাশ তিনি। কোচের সঙ্গে বোর্ডের যোগাযোগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার।
গত এপ্রিলে গিলেস্পিকে টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। তার কোচিংয়ে প্রথম সিরিজ খেলে তারা বাংলাদেশের বিপক্ষে, গত অগাস্ট-সেপ্টেম্বরে। ঘরের মাঠে দুই টেস্টের সিরিজটিতে হোয়াইটওয়াশড হয় শান মাসুদের দল।
এরপরই নির্বাচক প্যানেলে পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিজ্ঞ আম্পায়ার আলিম দারের সঙ্গে পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ ও সাবেক অধিনায়ক আজহার আলিকে নতুন সদস্য হিসেবে কমিটিতে যোগ করা হয়। নতুন নির্বাচক কমিটিতে রাখা হয়নি গিলেস্পি ও সাদা বলের কোচ গ্যারি কারস্টেনকে।
বোর্ডের এমন সিদ্ধান্ত কিছুটা আঘাত করেছে গিলেস্পিকে। স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে কোচের সঙ্গে যোগাযোগের স্বচ্ছতায় উন্নতির তাগিদ দিয়েছেন তিনি।
“আমার মনে হয়, (এমন কিছু হলে) মাঝেমধ্যে হতাশা ভর করেই। যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডে এসেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এবং আমাদের সেই যোগাযোগের জায়গাটি নিশ্চিত করতে হবে। আমি এই জায়গায় ভালোমতো মনোযোগ দেই। কাজগুলি চাওয়া অনুযায়ী না হলে হতাশা আসতে পারে।”
তবে, নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে দল ও খেলোয়াড়দের উন্নতিতে কাজ করার কথা বলেছেন ৪৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।
“সত্যি বলতে, এমন কিছুর জন্য আমি দায়িত্ব নেইনি। তবে নতুন এই পরিস্থিতিতে মানিয়ে নিয়ে কাজ করতে হবে।”
“আগেও যেমন বলেছি, ভিন্ন পরিবেশে আছি এবং কাজগুলো এখানে ভিন্নভাবে করা হয়। এখানে যেভাবে সবকিছু করা হয়, এর সঙ্গে যে কেউ একমত বা দ্বিমত পোষণ করতেই পারেন; কিন্তু দিনশেষে আমি এখানে পাকিস্তান দলের ভালোর জন্য ও খেলোয়াড়দের উন্নতিতে সাহায্য করতে এসেছি।”
