Published : 13 Aug 2026, 07:14 PM
ডারউইন টেস্টের প্রথম সেশনে ইবাদত হোসেনের বল ব্যাটের কানায় লেগেছিল বলে ভেবেছিলেন স্টিভেন স্মিথ। এক্ষেত্রে প্রযুক্তিই তাকে বাঁচিয়ে দিয়েছে, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
ম্যাচের প্রথম দিন অস্ট্রেলিয়ার ইনিংসের ২১তম ওভারের ঘটনা এটি। ইবাদতের বলটা স্মিথ ব্যাটের পাশ দিয়ে যায় উইকেটকিপার লিটন কুমার দাসের গ্লাসভে। বাংলাদেশের ফিল্ডাররা সঙ্গে সঙ্গেই উল্লাস করতে শুরু করেন, কিন্তু আম্পায়ার কুমার ধার্মাসেনা সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিভিউ নেন দ্রুতই এবং স্মিথও ড্রেসিং রুমের পথে হাঁটা শুরু করেন।
কিন্তু রিপ্লেতে দেখা যায়, আলট্রাএজ-এ কোনো ‘স্পাইক’ ধরা পড়েনি। টিকে যান স্মিথ। বোলার ইবাদত যেন বিশ্বাসই করতে পারছিলেন না।
তখন ৭ রানে খেলছিলেন স্মিথ। এর আগে ২ রানে স্লিপে তার ক্যাচ ফেলেন তানজিদ হাসান। শেষ পর্যন্ত স্মিথ আউট হন ৭১ রান করে। অস্ট্রেলিয়া অলআউট হয় ১৯৮ রানে।
বল ব্যাটের কানায় লেগেছিল কি না, দিনের খেলা শেষে জানতে চাইলে স্মিথ ফক্স ক্রিকেটকে বলেন, “হ্যাঁ, আমার তাই মনে হয়। আমি ভাগ্যবান ছিলাম? হ্যাঁ, তেমনই মনে হচ্ছে।”
অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজ সিরিজে রিয়েল-টাইম স্নিকো প্রযুক্তি নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছিল।
“সাধারণত এই প্রযুক্তিটা বেশ ভালো কাজ করে। হয়তো ব্যাটে লাগেনি। আমি জানি না। কিন্তু আমি নিশ্চিতভাবে কিছু একটা অনুভব করেছি। যদি আমাকে আউট দেওয়া হতো, আমি মাঠ ছেড়ে চলে যেতাম। কিন্তু হ্যাঁ, আমার মনে হয়, প্রযুক্তিই আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে।”