Published : 10 Apr 2026, 05:17 PM
সফর শুরুর কাছাকাছি সময়ে এসে দুটি পরিবর্তন হচ্ছে নিউ জিল্যান্ড দলে। চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। তার জায়গায় সুযোগ পেয়েছেন বেন লিস্টার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বদলি হিসেবে দল পাওয়ায় ওয়ানডে সিরিজে থাকছেন না বেন সিয়ার্স।
নিউ জিল্যান্ড ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে গত বুধবার ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পান ক্লার্ক। সেই চোটেই তাকে মাঠের বাইরে থাকতে হবে বেশ কিছু দিন।
ডানহাতি পেসারের বদলে ফেরা বাঁহাতি পেসার লিস্টারও এখন কিউইদের ‘এ’ দলের হয়ে আছেন শ্রীলঙ্কা সফরে। ৩টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলেছেন ৩০ বছর বয়সী এই পেসার। সবশেষটি ছিল ২০২৪ সালের এপ্রিলে।
বাংলাদেশ সফরের ওয়ানডে দলে থাকা বেন সিয়ার্স বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পিএসএলের নতুন দল রাওয়ালপিন্ডিজে। তাকে সেখানে খেলার অনাপত্তিপত্র দিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট।
ওয়ানডে স্কোয়াডে তার কোনো বদলি নেওয়া হয়নি। পিএসএল অভিযান শেষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন ২৮ বছর বয়সী এই পেসার।