২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘৭ দিন বিরতির পর বিশ্বের সেরা বোলারকে বাইরে রাখছেন’, বুমরাহকে বিশ্রাম দেওয়ায় বিস্মিত শাস্ত্রি

এজবাস্টন টেস্টে জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ায় ভারতের টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করে রাভি শাস্ত্রি বলছেন, ‘এমন সিদ্ধান্ত বিশ্বাস করা খুব কঠিন।’

‘৭ দিন বিরতির পর বিশ্বের সেরা বোলারকে বাইরে রাখছেন’, বুমরাহকে বিশ্রাম দেওয়ায় বিস্মিত শাস্ত্রি
জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন রাভি শাস্ত্রি। ছবি: রয়টার্স ও শাস্ত্রির এক্স পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 06:39 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

জাসপ্রিত বুমরাহকে খেলানো হবে নাকি দেওয়া হবে বিশ্রাম- এজবাস্টন টেস্টের আগে ভারতের একাদশ নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল এটিই। ‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের অংশ হিসেবে টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারকে শেষ পর্যন্ত বাইরে রেখে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। এতে ভীষণ অবাক হয়েছেন রাভি শাস্ত্রি। হেডিংলি টেস্টে হারের পর এক সপ্তাহের বিরতি পাওয়ার পরও গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা বোলারকে না খেলানোয় টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক প্রধান কোচ ও সাবেক অলরাউন্ডার। 

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট থেকে দ্বিতীয় টেস্টের একাদশে মোট তিনটি পরিবর্তন এনেছে ভারত। বুমরাহর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে আকাশ দিপকে। এছাড়া নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দারকে জায়গা দিতে বাদ পড়েছেন সাই সুদার্শান ও শার্দুল ঠাকুর।

টসের পর ভারত অধিনায়ক শুবমান গিল বলেন, বুমরাহ ফিট থাকলেও ওয়ার্কলোডের কথা ভেবে তাকে খেলানো হচ্ছে না।

“আমরা ভালো একটা বিরতি পেয়েছি এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এটা। তবে লর্ডসে তৃতীয় টেস্ট হওয়ায় আমরা মনে করি, সেখানে পিচে আরও বেশি সহায়তা থাকবে (বোলারদের জন্য), তাই সেখানে তাকে ব্যবহার করব আমরা।”

সিরিজ শুরুর আগে থেকেই ভারতের টিম ম্যানেজমেন্ট ও বুমরাহ বারবার বলেছেন, ওয়ার্কলোড ভাবনায় রেখে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে খেলবেন তিনি। 

টসের পর স্কাই স্পোর্টসে আলাপে শাস্ত্রি বলেন, কোন ম্যাচ খেলবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার খেলোয়াড়ের হাতে থাকা উচিত নয়।

“খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এটা, তারা এক সপ্তাহের বিরতি পেয়েছে। বুমরাহ এই ম্যাচে খেলছে না দেখে অবাক হলাম। এটা (সিদ্ধান্তের ভার) খেলোয়াড়ের হাতে থাকা উচিত নয়। একাদশে কে খেলবে, তা নির্ধারণ করা উচিত অধিনায়ক ও প্রধান কোচের। সিরিজের প্রেক্ষাপট বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এটা, অন্য যেকোনো কিছুর চেয়ে তার এই ম্যাচটি বেশি খেলা উচিত। লর্ডস টেস্ট পরে। এটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে তাদের সরাসরি পাল্টা আঘাত করতে হবে।”

“এখানে খেলুন। ১-১ সমতা আনুন, তারপর তাকে বেছে নিতে দিন: তুমি যদি লর্ডসে বিশ্রাম নিতে চাও, লর্ডসে বিশ্রাম নাও। সে কি লর্ডসে বিশ্রামে থাকবে? এই ম্যাচ জিতলে কোনো সম্ভাবনা নেই।”

নিজেদের সবশেষ ৯ টেস্টের মধ্যে স্রেফ একটি জিতেছে ভারত। ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে পাঁচ সেঞ্চুরির পরও ম্যাচ হারের বিরল নজির গড়ে তারা। ওই ম্যাচ শেষে লম্বা বিরতি পাওয়ার পরও বুমরাহকে না খেলানোর যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না শাস্ত্রি।

“যদি ভারতের সাম্প্রতিক পরিসংখ্যান দেখেন, সেই বিবেচনায় খুব, খুব গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ এটা। তারা নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট হেরেছে, তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি হেরেছে, তারা এখানে প্রথম টেস্ট ম্যাচ হেরেছে এবং তারা জয়ের পথে ফিরতে চায়। আপনার কাছে বিশ্বের সেরা ফাস্ট বোলার আছে এবং সাত দিন বিশ্রামের পর আপনি তাকে বাইরে রাখছেন, এটা বিশ্বাস করা খুব কঠিন।”

হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া বুমরাহকে এজবাস্টনে না দেখে বিস্মিত সাবেক ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও।

“একজন ফাস্ট বোলারের (বিশ্রামের) জন্য এক সপ্তাহ খুব ভালো সময়। (বুমরাহর না খেলা) আমাকে অবাক করে দিয়েছে। এটাও আমাকে অবাক করেছিল যে, সিরিজের আগে সে বলেছিল, পাঁচটি টেস্টের মধ্যে কেবল তিনটি খেলবে।”