১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘শুকরিয়া উইন্ডিজ দলে কামিন্স-স্টার্ক ছিল না’

ওয়ানডে কোচ হিসেবে মাইক হেসনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

‘শুকরিয়া উইন্ডিজ দলে কামিন্স-স্টার্ক ছিল না’
শোয়েব আখতার। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 06:41 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশ করতে না পারা পাকিস্তান দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করে সাবেক এই পেসার বলেছেন, পেস বোলিং কন্ডিশনে এভাবেই সবসময় বেরিয়ে আসবে দলটির আসল চেহারা।

ত্রিনিদাদে মঙ্গলবার ক্যারিবিয়ানদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ৬ উইকেট নিয়ে এশিয়ার দলটির ব্যাটিং লাইন-আপ একাই গুঁড়িয়ে দেন জেডেন সিলস। তাতে ২৯৫ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ৯২ রান গুটিয়ে যায় সফরকারীরা। ২০২ রানের বিশাল জয় পায় স্বাগতিকরা।

টানা দুই জয়ে ৩ ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে প্রায় ৩৪ বছর পর দলটির বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

এবারের সফরে অবশ্য টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারায় পাকিস্তান। কিন্তু ওয়ানডে এসে জয় দিয়ে শুরুর পর পথ হারিয়ে ফেলে তারা।

উত্তরসূরিদের এমন ভরাডুবির পর কোচ মাইক হেসনের সামর্থ্যের দিকেও আঙুল তোলেন শোয়েব আখতার। একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেন, ওয়ানডের জন্য উপযুক্ত নন নিউ জিল্যান্ডের এই কোচ।

“মাইক হেসন একজন ভালো টি-টোয়েন্টি কোচ, কিন্তু ওয়ানডেতে তার কি কোয়ালিটি আছে আমি জানি না। এই সংস্করণে যদি মানসম্পন্ন খেলোয়াড়দের না খেলালে এটাই ঘটবে।”

৫০ ওভারের লড়াইয়ে পাকিস্তান ৩০ ওভারও খেলতে পারেনি। তাদের ইনিংসে নেই কোনো ফিফটি। ৪০ রানের জুটি নেই একটিও। দল গঠন নিয়ে সমালোচনা করে এমন হতশ্রী পারফরম্যান্স জন্য টিম ম্যানেজমেন্টকে দায়ী করেন শোয়েব।

“প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটসম্যান, বোলার ও স্পিনার নে খেলালে, পুরো ৫০ ওভার খেলতে পারবেন না। এই সংস্করণে কোনোমতে খেলে যেতে পারবেন না।”

“এটা বাজে নীতির ফল, খেলোয়াড়দের দোষ নয়। পেস সহায়ক উইকেটে সবসময় খেলোয়াড়দের আসল চেহারা বেরিয়ে আসবে। এখন এই পুনর্নির্মাণ প্রক্রিয়াটিকে একটি নতুন নাম দেওয়া হয়েছে, সমন্বয় তৈরি করা।”

পাকিস্তানের ব্যাটিং কতটা ভঙ্গুর বেরিয়ে আসে পেস সহায়ক কন্ডিশনে খেলতে নামলে। শোয়েব তাই অস্ট্রেলিয়ার তারকা দুই প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে টেনে দলটির ব্যাটিং নিয়ে কটাক্ষ করেন।

“তাদের শুকরিয়া করা উচিত যে, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক সেখানে (ওয়েস্ট ইন্ডিজ দলে) ছিল না। যখন এমন কন্ডিশনে খেলা হবে, আমাদের খেলোয়াড়দের খোলস ভেঙে যাবে।”