১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ

আগামী ডিসেম্বরে হতে পারে এসিসির নতুন এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 10:09 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

বয়সভিত্তিক ক্রিকেটে মেয়েদের জন্য নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এখন থেকে প্রতি দুই বছর পরপর হবে উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ। 

আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে এসিসি। কুয়ালালামপুরে বুধবার এসিসির বোর্ড সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়ান দলগুলোর নিজেদের যাচাই করে নেওয়ার মঞ্চ করে দিতেই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর এই এশিয়া কাপ নিয়ে ভাবতে শুরু করেছিল এসিসি।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম আসর হতে পারে চলতি বছরের ডিসেম্বরে। তবে ভেন্যু এবং কতগুলো দল এতে অংশ নেবে, তা এখনও চূড়ান্ত হয়নি। 

২০২৫ সালের জানুয়ারিতে হবে উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। প্রতি দুই বছরে এই টুর্নামেন্টের আগে দিয়েই হবে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ।