এলপিএলের শুরুতে বড়সড় ধাক্কা খেলেন হাসান মাহমুদরা
আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন কলম্বো ক্যাপসের অধিনায়ক।
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে না হতেই বড়সড় এক ধাক্কা খেয়েছেন হাসান মাহমুদরা। আসরের বাকি অংশে অধিনায়ককে ছাড়া খেলতে হবে কলম্বো ক্যাপসকে। চোটের থাবায় ছিটকে গেছেন দলটির অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান কুসাল মেন্ডিস।
গত রোববার ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় দৌড়ে রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগে মেন্ডিসের। সেদিন ৪ বলে ২ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছেড়ে যান তিনি। ওই ম্যাচে চমৎকার বোলিংয়ে তিন উইকেট নিয়ে কলম্বোর জয়ে ভূমিকা রাখেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।
মেন্ডিস যখন মাঠ ছেড়ে যান, তখনই মনে হচ্ছিল গুরুতর কিছু। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বুধবার জানিয়েছে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেন্ডিস। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার এখন ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন।
কলম্বো ক্যাপস তো বটেই, মেন্ডিসের চোট শ্রীলঙ্কা জাতীয় দলের জন্যও বড় ধাক্কা হতে পারে। অগাস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা রয়েছে লঙ্কানদের। সাদা বলের ক্রিকেটে দলটির অধিনায়ক মেন্ডিস তিন সংস্করণেই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আগামী ১৫ অগাস্ট গল টেস্ট দিয়ে শুরু সিরিজটি। আর দ্বিতীয় টেস্ট শুরু ২৩ অগাস্ট, কলম্বোতে।
চোটের কারণে মেন্ডিসের কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এমন এক সময় চোট থাবা দিল মেন্ডিসের শরীরে, যখন তিনি ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন। চোট পাওয়ার আগে এলপিএলে নিজেদের প্রথম ম্যাচে গল গ্যালান্টসের বিপক্ষে ৫৩ বলে ৭৯ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি।
এছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরেও উজ্জ্বল ছিলেন মেন্ডিস। পেশাওয়ার জালমির শিরোপা জয়ে রেখেছিলেন বড় অবদান। আসরে ১১ ইনিংসে ১৬৮.১৯ স্ট্রাইক রেটে করেছিলেন ৫৫০ রান।
জাতীয় দলের হয়েও ২০২৬ সালের শুরু থেকে দারুণ ফর্মে আছেন মেন্ডিস। টি-টোয়েন্টিতে ১৪ ইনিংসে ১৩০.৩৫ স্ট্রাইক রেটে করেছেন ৪০৮ রান। আর ওয়ানডেতে চলতি বছর চার ইনিংসে ৭০.৩৩ গড়ে করেছেন ২১১ রান।
