Published : 11 Sep 2025, 10:01 AM
লক্ষ্য মোটে ১০০ রান। সেই রান তাড়ায় ৩৬ রানের মধ্যে পতন ৫ উইকেটের! তবে এক প্রান্তে চোয়ালবদ্ধ লড়াইয়ে অটল রয়ে গেলেন আমির জাঙ্গু। ইনিংস শুরু করতে নেমে শেষ ওভার পর্যন্ত টিকে থেকে দলকে তিনি জেতালেন ধ্রুপদি লো-স্কোরিং লড়াইয়ে। প্লেঅফে খেলা নিশ্চিত হলো অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের।
দলের সেই জয়ে সাকিব আল হাসানের অবদান ১ উইকেট ও ১ রান।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
জেডেন সিলস ও উসামা মিরের দুর্দান্ত বোলিংয়ে ঘরের মাঠে ৯৯ রানেই গুটিয়ে যায় গায়ানা। তাদেরকে টপকে যেতে অ্যান্টিগা অ্যান্ড বারবুডাকে খেলতে হয় ১৯.১ ওভার।
২৪তম জন্মদিনে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্যারিবিয়ান পেসার জেডেন সিলস। পাকিস্তানি লেগ স্পিনার উসামা মির ৩ উইকেট নেন ১৭ রানে।
সাকিব চার ওভার বোলিং করে ২৮ রান দিয়ে নেন ১টি উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নামা গায়ানার টপ অর্ডার নাড়িয়ে দেন সিলস। পাওয়ার প্লেতেই এই পেসার বিদায় করেন মইন আলি (১৫ বলে ১০), বেন ম্যাকডারমট (১৫ বলে ১৪) ও শিমরন হেটমায়ারকে (০)।
পাওয়ার প্লে শেষেই বল হাতে পান সাকিব। তাকে ছক্কায় স্বাগত জানান শেই হোপ। এক বল পর ওই ব্যাটসম্যানই মারেন আরেকটি চার। প্রথম ওভার থেকে সাকিব দেন ১১ রান।
সাকিব আবার বোলিং পান দশম ওভারে। এবার প্রথম বলেই হজম করেন বাউন্ডারি। তবে পরের বলে তার বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে স্টাম্পড হন গুডাকেশ মোটি।
এর আগেই অবশ্য রান আউট হয়ে যান হাসান খান। উসামার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন হোপ (১৪ বলে ২৬)।
সাকিবের তৃতীয় ওভারে একটি ছক্কা মারেন ডোয়াইন প্রিটোরিয়াস। এই প্রোটিয়া অলরাউন্ডারকে দারুণ টার্নিং ডেলিভারিতে বোল্ড করেন উসামা।
৭৮ রানে ৯ উইকেট হারানো গায়ানাকে ৯৯ পর্যন্ত নিয়ে যান কুয়েন্টিন স্যামসন। দশে নেমে ১৫ বলে ১৯ রান করা এই ক্যারিবিয়ান ক্রিকেটারকে বোল্ড করে ইনিংস শেষ করেন সিলস।
রান তাড়ায় প্রথম ওভারেই আন্দ্রিয়েস হাউসকে (০) হারায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। চতুর্থ ওভারে ইমরান তাহির টানা দুই বলে ফেরান কেভিন উইকহ্যাম (৯ বলে ১৩) ও কারিমা গোরকে (০)।
পাঁচে নেমে সাকিব প্রথম বলে নেন সিঙ্গল। পরের ওভারে মইন আলির প্রথম বলই রিভার্স সুইপ করার চেষ্টায় এলবিডব্লিউ হয়ে যান তিনি।
এবারের সিপিএলে ৬১ রানের আগ্রাসী একটি ইনিংস খেলতে পারলেও সব মিলিয়ে ৯ ইনিংসে এখনও পর্যন্ত সাকিবের রান ১৫৪। ওভারপ্রতি প্রায় সাড়ে ৮ করে রান দিয়ে উইকেট নিয়েছেন ৬টি।
সাকিবের পর শামার স্প্রিঙ্গারকেও ফেরান মইন। সপ্তম ওভারে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে তখন ধুঁকছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা।
ওপেনার জাঙ্গুকে সঙ্গ দেন এরপর অধিনায়ক ইমাদ ওয়াসিম (২৪ বলে ১৬)। ষষ্ঠ উইকেটে ২৯ রানের জুটি গড়েন দুজন। এরপর ফ্যাবিয়ান অ্যালেনকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন জাঙ্গু।
৫৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন জাঙ্গু, ১৪ বলে ১৫ রানে অ্যালেন।
প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লেঅফ নিশ্চিত করল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। গতবার অভিষেক আসরে দলটি হয়েছিল পঞ্চম।
আগেই প্লেঅফ নিশ্চিত করেছে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। বাকি একটি জায়গার লড়াইয়ে এখন তিনটি দল।