২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজে ভারতের বড় ধাক্কা

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান তিলাক ভার্মা।

টি-টোয়েন্টি সিরিজে ভারতের বড় ধাক্কা
ভারতের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য তিলাক ভার্মা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 11:23 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে একটি বড় ধাক্কা খেয়েছে ভারত। প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন ছন্দে থাকা ব্যাটসম্যান তিলাক ভার্মা। 

রাজকোটে বুধবার তিলাকের অণ্ডকোষে অস্ত্রোপচার হয়। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, এদিন সকালে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। শুক্রবার তার হায়দরাবাদে ফিরে যাওয়ার কথা রয়েছে।

অনুশীলনে ফেরা এবং শারীরিক উন্নতির ওপর নির্ভর করে সিরিজের বাকি দুই ম্যাচে তার খেলার বিষয় মূল্যায়ন করা হবে, বলা হয়েছে বিসিসিআইয়ের বিবৃতিতে।

গত মঙ্গলবার বাংলার বিপক্ষে হায়দরাবাদের হয়ে ভিজায় হাজারে ট্রফির ম্যাচ খেলেন তিলাক। তাই ধারণা করা হচ্ছে, ম্যাচ চলাকালীন তার কোনো চোট লাগেনি। পরে তিনি ব্যথা অনুভব করেন এবং তাৎক্ষণিকভাবে স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়। এরপর তার অস্ত্রোপচার করানো হয়।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত।

ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার পর, চলতি মাসে ঘরোয়া একদিনের ম্যাচের প্রতিযোগিতা ভিজায় হাজারে ট্রফিতে দুটি ম্যাচে খেলেন তিলাক। সেখানে হায়দরাবাদকে নেতৃত্ব দেন তিনি। প্রথম ম্যাচে ১০৯ রানের পর দ্বিতীয়টিতে করেন ৩৪ রান।

ভারতের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য তিলাক। দলের সবশেষ তিনটি সিরিজ কিংবা টুর্নামেন্টেই খেলেছেন তিনি। গত বছর ১৮ ইনিংসে ৪৭.২৫ গড় ও ১২৯.১৫ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ৫৬৭ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৩৪ বলে ৬২ ও ৪২ বলে ৭৩ রানের দুটি ঝড়ো ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিলাকের বদলি খেলোয়াড় এখনও ঘোষণা করেনি ভারত। প্রথম তিনটি টি-টোয়েন্টি হবে আগামী ২১, ২৩ ও ২৫ জানুয়ারি। শেষ দুই ম্যাচ ২৮ ও ৩১ জানুয়ারি। টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

ভারতের এই টি-টোয়েন্টি সিরিজের ১৫ জনের দলই খেলবে বিশ্বকাপে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই বিশ্বকাপের দলে পরিবর্তন আনা যাবে।