১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়ানডে দলে প্রথমবার সাইফ, ফিরলেন সোহান

টি-টোয়েন্টি সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না লিটন কুমার দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চমকপ্রদ পারফরম্যান্সে সাইফ হাসানের সামনে খুলে গেল সম্ভাবনার নতুন দুয়ার। বাংলাদেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান প্রথমবার সুযোগ পেলেন ওয়ানডে দলে। লিটন কুমার দাসের চোটে দলে ফিরলেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলার সময় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বিসিবি। সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে এই সিরিজে পরিবর্তন ওই দুটিই।

সাইফকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। এশিয়া কাপ থেকে চোট নিয়ে দেশে ফেরা লিটন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর খেলতে পারছেন না ওয়ানডে সিরিজেও।

লিটনের ওয়ানডে পারফরম্যান্স অবশ্য অনেক দিন ধরেই ভালো নয়। সবশেষ ১৫ ইনিংনে তার ফিফটি নেই। সবশেষ আট ইনিংসে দু অঙ্ক ছুঁতে পারেননি, এর চারটিতে কাটা পড়েছেন শূন্যতে।

জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ওয়ানডেতে অভিষেক সিরিজে খারাপ করেননি পারভেজ। তিন ম্যাচে তার রান ছিল ১৩, ৬৭ ও ২৮। তবু জায়গা হারালেন বাঁহাতি ওপেনার।

সাইফকে দলে নেওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা যায়, টি-টোয়েন্টির পারফরম্যান্সেই মূলত ওয়ানডে দলে সুযোগ পেলেন তিনি। লিস্ট 'এ' ক্রিকেটে তার অভিজ্ঞতা অবশ্য অনেক। ১৪৫ ম্যাচ খেলে ৫ হাজার ২৩৪ রান করেছেন তিনি ৩৯.৭৭ গড়ে। সেঞ্চুরি করেছেন ১০টি, ফিফটি ৩৪টি। উইকেট নিয়েছেন ৬৯টি। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমে  ৪৯.৫৪ গড়ে করেন ৫৪৫ রান।

সোহানকে ওয়ানডেতে সবশেষ দেখা গেছে ২০২৩ সালের সেপ্টেম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে এই সংস্করণেই তার পারফরম্যান্স সবচেয়ে ভালো। সাত বছরে স্রেফ সাতটি ওয়ানডে খেলেছেন, তার ব্যাটিং গড় ৮২.৫০, স্ট্রাইক রেট ৯৪.৮২।

চলতি টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে থাকা মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা ঢাকা ছাড়ছেন শুক্রবার রাতেই। ভিসা না হওয়ায় এখনই যেতে পারছেন না  মোহাম্মদ নাঈম শেখ। ভিসা পেলে উড়াল দেবেন তিনি।

ভিসা না হওয়াতেই টি-টোয়েন্টি সিরিজে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি সৌম্য সরকার। সিরিজে স্রেফ আর একটি ম্যাচই বাকি আছে, যেটি হবে রোববার।

ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আবু ধাবিতে, আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর।  

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হেসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা। 

নতুন মুখ: সাইফ হাসান।

প্রত্যাবর্তন: নুরুল হাসান সোহান। 

চোট: লিটন কুমার দাস।

বাদ: পারভেজ হোসেন ইমন।