১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়সওয়ালকে ‘ছাড় দেওয়ায়’ আইসিসি ও বিসিসিআইয়ের সমালোচনায় মাঞ্জরেকার

ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, বারবার ছাড় দিয়ে এমন আচরণের পুনরাবৃত্তির জন্য উৎসাহিত করা হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 05:13 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

আসিথা ফার্নান্দোর সঙ্গে আগ্রাসী আচরণ করা ইয়াশাসভি জয়সওয়ালকে কঠোর শাস্তি না দেওয়ায় আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া সমালোচনা করেছেন সাঞ্জায় মাঞ্জরেকার। ভারতের সাবেক এই ক্রিকেটারের মতে, বারবার ছাড় দিয়ে এমন আচরণের পুনরাবৃত্তির জন্য উৎসাহিত করা হচ্ছে।

কলম্বোয় ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ঘটনা সেটি। আসিথাকে চার বলের মধ্যে তিনটি বাউন্ডারি মারেন জয়সওয়াল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের বলেই বাঁহাতি ব্যাটসম্যানকে বোল্ড করে দেন লঙ্কান পেসার।

আউট হয়ে যখন ফিরে যাচ্ছিলেন জয়সওয়াল, সতীর্থের সঙ্গে উদযাপনের ফাঁকে হয়তো কিছু একটা বলেন আসিথা। ড্রেসিংরুমে ফেরার পথে থাকা জয়সওয়াল ফিরে এসে প্রায় তেড়ে যান আসিথার দিকে। মুখোমুখি হয়ে কথার লড়াই চলে। হেলমেট পড়া অবস্থায়ই ভারতীয় ব্যাটসম্যান এক পর্যায়ে নিজের মাথা ঠুকে দেন আসিথার মাথায়। লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা পরে আলাদা করেন দুজনকে।

এই ঘটনায় দুজনকেই শাস্তি দিয়েছে আইসিসি। ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে তাদেরকে এবং একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

সেদিনের খেলার পরই ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বলেছিলেন, ‘বোলারের এত কাছে যাওয়া উচিত হয়নি’ জয়সওয়ালের। জয়সওয়ালের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলেন ভারতের সাবেক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা।

অল্প শাস্তিতে জয়সওয়াল পার পেয়ে যাওয়ায় আইসিসি ও বিসিসিআইয়ের দিকে আঙুল তুলেছেন মাঞ্জরেকার। এক্সে বুধবার তিনি লিখেছেন, পুনরায় এমন আচরণ করার শিক্ষা দেওয়া হচ্ছে ক্রিকেটারদের।

“প্রিয় আইসিসি ও বিসিসিআই… সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে বৈভাব এবং এখন জয়সওয়াল- তাদের এ ধরনের আচরণ যদি ছাড় দিতে থাকেন, তাহলে এমন আচরণ পুনরায় করার শিক্ষা দিচ্ছেন তাদের। এটা খেলাধুলার জন্য ভালো নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যও ভালো নয়।”

মাঞ্জরেকার তার বক্তব্যে ১৫ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটার বৈভাব সুরিয়াভানশির একটি পুরনো ঘটনাও উল্লেখ করেছেন। ডাম্বুলায় ত্রিদেশীয় ‘এ’ দলে সিরিজে ভারত ‘এ’ দলের হারের পর, শ্রীলঙ্কা ‘এ’ দলের খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান সুরিয়াভানশি।

সুপার ওভারে জিতে শ্রীলঙ্কার খেলোয়াড়েরা ‘অতিরিক্ত উদযাপন’ করলে হতাশ সুরিয়াভানশি তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মৌখিক বাকবিতণ্ডায় জড়ানোর পাশাপাশি শ্রীলঙ্কার এক খেলোয়াড়কে ধাক্কাও দেন। পরে শ্রীলঙ্কা দলের অন্য খেলোয়াড়েরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই ঘটনায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিয়েই পার পেয়ে যান সুরিয়াভানশি।