১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাশিম আমলা থেকে জয়সওয়াল, ২৯২৮ দিনের অপেক্ষা ফুরাল ডসনের

আট বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে সপ্তম বলেই উইকেটের দেখা পেলেন লিয়াম ডসন।

হাশিম আমলা থেকে জয়সওয়াল, ২৯২৮ দিনের অপেক্ষা ফুরাল ডসনের
ফেরার টেস্টে উইকেট শিকারের পর লিয়াম ডসনের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 09:51 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের লেংথ বল পা বাড়িয়ে ডিফেন্স করতে গেলেন ইয়াশাসভি জয়সওয়াল। বাঁহাতি ওপেনারের ব্যাটের কানা ছুঁয়ে বল জমা হলো প্রথম স্লিপে হ্যারি ব্রুকের হাতে। দৌড়ে বাতাসে হাত ছুড়ে সতীর্থদের সঙ্গে উদযাপনে মেতে উঠলেন বোলার লিয়াম ডসন। আট বছর পর টেস্ট খেলতে নেমে উইকেটের দেখা পেলেন তিনি সপ্তম বলেই।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টর প্রথম দিন বুধবার ভারতের ইনিংসের ৩৯তম ওভারে বল হাতে পান ডসন। নিজের প্রথম ওভারে দেন ৫ রান। পরের ওভারের প্রথম বলে জয়সওয়ালের (১০৭ বলে ৫৮) প্রতিরোধ ভাঙেন ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম উইকেট এটি। সপ্তম উইকেটটি পেয়েছিলেন দুই হাজার ৯২৮ দিন আগে। ২০১৭ সালের ১৬ জুলাই ট্রেন্ট ব্রিজ টেস্টে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ছিল তার সপ্তম শিকার।

সেটি ছিল ডসনের তৃতীয় টেস্ট। তারপর থেকে লম্বা সময় এই সংস্করণে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।

দীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট দিয়ে তার ফেরার সুযোগটা এসে যায় মূলত শোয়েব বাশিরের চোটের কারণে। লর্ডসে আগের টেস্টে আঙুলে চোট পেয়ে সিরিজ শেষ হয়ে যাওয়া অফ স্পিনারের জায়গায় সিরিজের চতুর্থ টেস্টে খেলছেন তিনি।

তার আট বছর বাইরে থাকার এই সময়ে ইংল্যান্ড খেলে ১০২টি টেস্ট। নিজের দুটি টেস্ট খেলার মাঝে দলের হয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচে বাইরে থাকার তালিকায় ডসন আছেন সপ্তম স্থানে। এখানে চূড়ায় ইংল্যান্ডেরই সাবেক স্পিনার গ্যারেথ ব্যাটি (১৪২ টেস্ট)।

জাতীয় দলে সুযোগ না পেলেও সাম্প্রতিক বছরগুলোতে ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন ডসন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৫ বার ইনিংসে পাঁচ উইকেটের ১২ বারই এসেছে ২০২১ সাল থেকে। এই সময়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিন বার।

২০২৩ সাল থেকে হ্যাম্পশায়ারের হয়ে ১২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৯.৭৫ গড়ে ৯৫৬ রান করেছেন তিনি। গত পাঁচ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি ৯টি। এর মধ্যে ২০২৩ ও ২০২৪ সালে সেঞ্চুরি তিনটি করে। 

গত মাসে ডসন ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন তিন বছর পর। ফেরার ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে নামের পাশে ৩৭১ উইকেট ও ১০ হাজারের বেশি রান নিয়ে এবার টেস্টে ফেরার শুরুটাও দারুণ হলো তার।