Published : 25 Aug 2026, 08:23 PM
প্রতিপক্ষের টপ অর্ডারে ছোবল দিলেন প্রাসিধ কৃষ্ণা। বল হাতে আলো ছড়ালেন মানাভ সুতারও। তাদের নৈপুণ্যে চালকের আসনে থেকে কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষ করল ভারত।
৮ উইকেটে ২৬৫ রান করে মঙ্গলবার দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এখনও ২৩৮ রানে পিছিয়ে আছে তারা। ফলো-অন এড়াতে আরও ৩৯ রান চাই স্বাগতিকদের।
শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ের মাঝে এক প্রান্ত ধরে রেখে দুটি ছক্কা ও ছয়টি চারে ৮৫ রান করে অপরাজিত আছেন সোনাল দিনুশা। আর চার নম্বরে নেমে ৯টি চারে ৮০ রান করেন পাসিন্দু সুরিয়াবান্দারা। ৩০ ছুঁতে পারেন আর কেবল একজন- কামিন্দু মেন্ডিস (৩২)।
লঙ্কান দুই ওপেনারকে ফেরানো প্রাসিধ এখন পর্যন্ত ধরেছেন তিন শিকার। বাঁহাতি স্পিনে তিন উইকেট নিয়েছেন সুতারও। একটি করে প্রাপ্তি মোহাম্মেদ সিরাজ ও রাভিন্দ্রা জাদেজার।
আগের দিন ৮ রানে ২ উইকেট হারানো শ্রীলঙ্কার নতুন সকালের শুরুটাও ভালো হয়নি। দিনের সপ্তম ওভারে প্রাসিধের গতিময় শর্ট বলে ধ্রুভ জুরেলের হাতে ধরা পড়েন কামিল মিশারা (৩ চারে ১৯)।
৩৫ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামাল দেন সুরিয়াবান্দারা ও কামিন্দু। ৮৭ রানের জুটি গড়েন তারা। এই সময়ে ৭৬ বলে ফিফটি স্পর্শ করেন সুরিয়াবান্দারা। লাঞ্চ বিরতির দুই ওভার আগে কামিন্দুকে ফিরিয়ে তাদের যুগলবন্দি ভাঙেন প্রাসিধ।
দ্বিতীয় সেশনের শুরুতে লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভাকে বিদায় করেন সুতার। দারুণ খেলতে থাকা সুরিয়াবান্দারার স্টাম্প ভেঙে দেন জাদেজা। পরের ওভারেই নিরোশান ডিকওয়েলাকে ড্রেসিং রুমে ফেরত পাঠান সিরাজ।
দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া শ্রীলঙ্কার হাল ধরেন দিনুশা। তাকে অনেকক্ষণ সঙ্গ দেন কেশারা নুওয়ান্থা। একটি ছক্কা ও দুটি চারে ৭৪ বলে ১৮ রান করা নুওয়ান্থাকে ফেরান সুতার, ভাঙে ৫৭ রানের জুটি।
৮২ বলে ফিফটি ছোঁয়া দিনুশাকে দারুণ সঙ্গ দিয়ে দিনের খেলা শেষ করেন লাহিরু কুমারা। একটি চারে ৮ রান করতে ৫০ বল খেলেন তিনি। তাদের অবিচ্ছিন্ন জুটি ৩৫ রানের।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৫০৩/৯ ডিক্লে.
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৩.৪ ওভারে ২৬৫/৮ (আগের দিন ৮/২) (মিশারা ১৯, সুরিয়াবান্দারা ৮০, কামিন্দু ৩২, ধানাঞ্জায়া ৮, দিনুশা ৮৫*, ডিকওয়েলা ০, নুওয়ান্থা ১৮, কুমারা ৮*; সিরাজ ১১-০-৩৩-১, প্রাসিধ ১৪-১-৪৭-৩, সুতার ২১-১-৮৩-৩, সারানশ ১৮-৫-৫১-০, জাদেজা ১৯.৪-৪-৪৫-১)