শাস্তি পেলেন নিগার-মারুফারা
বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের আর্থিক জরিমানা করা হয়েছে।
হারের হতাশার সঙ্গে এবার শাস্তিও পেতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। উইমেন’স এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মন্থর ওভাররেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে নিগার সুলতানাদের।
দুবাইয়ে রোববার লঙ্কানদের বিপক্ষে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছে বাংলাদেশ। যার ফলে পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে ক্রিকেটারদের।
ম্যাচ রেফারি জি.এস লাক্সমির দেওয়া শাস্তি মেনে নেন বাংলাদেশ অধিনায়ক নিগার। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দল যত ওভার কম বল করবে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে।
গ্রুপ পর্বের ম্যাচটিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে ১১৪ রান করে বাংলাদেশ। পরে মারুফা, সুলতানা খাতুনদের দারুণ বোলিংয়ে জয়ের আশা জাগালেও, শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। চার বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে তারা।
