১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেয়ারির এই সেঞ্চুরি বাবার জন্য

সেঞ্চুরি ছুঁয়ে ব্যাট আর হেলমেট উঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে মেঘের মাঝে যেন কাউকে খুঁজছিলেন অ্যালেক্স কেয়ারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 03:02 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

সেঞ্চুরি ছুঁয়ে ব্যাট আর হেলমেট উঁচিয়ে আকাশের দিকে তাকালেন অ্যালেক্স কেয়ারি। ক্যামেরার চোখে ফুটে উঠছিল, টলমল চোখে যেন ওই মেঘের মাঝে কাউকে খুঁজছিলেন তিনি। ক্যামেরার দৃষ্টি খুঁজে নিল গ্যালারিতে কেয়ারির স্ত্রী এলোইসকে। কান্নার দমক আটকানোর চেষ্টা করতে করতে তিনি উদযাপন করছিলেন প্রিয় মানুষটির মাইলফলক। ধারাভাষ্যে অ্যাডাম গিলক্রিস্ট তখন বলছেন, “ইমোশনাল সেঞ্চুরি ফর আ কোয়ালিটি ক্রিকেটার…।”

অ্যাশেজের অ্যাডিলইড টেস্টের প্রথম দিনে দলের বিপর্যয়ে ১০৬ রানের দারুণ এক ইনিংস উপহার দেন অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটার। সেঞ্চুরিটি যে আবেগময়, সেটি তো কেয়ারির উদযাপনেই ফুটে উঠেছে। পেছনের গল্পটাও অনেকের বুঝে ফেলার কথা। গত সেপ্টেম্বরে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা যান তার বাবা গর্ডন। বাবার সঙ্গে তার বন্ধনটা ছিল দারুণ। তার ক্রিকেটের হাতেখড়ি, ক্রিকেটের পথে এগিয়ে চলা, সবই বাবার হাত ধরে। দীর্ঘদিন পর্যন্ত বাবাই ছিলেন তার কোচ। 

বাবাকে হারানোর পর কেয়ারির প্রথম সেঞ্চুরি এটিই। গ্যালারিতে ছিলেন তার পরিবার-বন্ধুদের অনেকেই। ঘরের মাঠে ৫৬ হাজারের বেশি দর্শকের সামনে সেঞ্চুরিটির পর বাবাকেই মনে পড়ল ৩৪ বছর বয়সী ক্রিকেটারের। 

“বেশ ভালো একটি দিন গেল… অ্যাডিলেইডে ৫৬ হাজার দর্শকের সামনে দারুণ স্পেশাল ব্যাপার। ঘরের মাঠের সমর্থকদের সামনে, পরিবার ও বন্ধুদের সামনে সেঞ্চুরি ছিল খুবই স্পেশাল। নিশ্চয়ই বুঝতে পারছেন, কেন আমি আকাশের দিকে তাকাচ্ছিলাম!”

কথা বলার সময়ও বারবার ধরে আসছিল কেয়ারির কণ্ঠ। নিজের ক্যারিয়ারে বাবার অবদানের কিছুটা স্মরণ করলেন তিনি। 

“চেষ্টা করছি কান্না আটকাতে… তবে দারুণ ছিল সবকিছু। আমার মা, ভাই, বোন, এলোইস (স্ত্রী), বাচ্চারা ছিল এখানে… অসাধারণ মুহূর্ত।”

“আমার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে বড় ভূমিকা বাবার… সবসময়ই আমাকে কোচিং করিয়েছেন। টিনএজ বয়সের শেষ দিকেই কেবল কিছুটা ছেড়ে দিয়েছেন আমাকে। তবে তার পরও নানারকম ম্যাসেজ পাঠাতেন… ‘রিভার্স সুইপ বাদ দাও’… বা এই ধরনের কথা। দারুণ ছিল। খুব বেশি গভীরে যেতে চাই না, তবে আমার জন্য মুহূর্তটি ছিল স্পেশাল, আমার পরিবারের জন্যও।”

শুধু এই সেঞ্চুরিই নয়, এ বছর উইকেটের সামনে-পেছনে অসাধারণ ফর্মে আছেন কেয়ারি। আগের টেস্টেই ব্রিজবেনে কিপিং মাস্টারক্লাস উপহার দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলেছেন। ক্যারিয়ারের তিন সেঞ্চুরির দুটিই করলেন এ বছর। সব মিলিয়ে চলতি বছরে রান করেছেন এখনও পর্যন্ত ৫১.৬১ গড়ে ৬৭১, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ।