১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে লঙ্কান পেসার

ঘরের মাঠে সিরিজ শুরুর আগে একের পর এক চোট ও অসুস্থতার থাবা শ্রীলঙ্কা দলে।

বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে লঙ্কান পেসার
বিনুরা ফার্নান্দো।  ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2024, 10:28 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

ভারতের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে চোট ও অসুস্থতার বিরুদ্ধে লড়াইয়ে নামতে হয়েছে শ্রীলঙ্কা দলকে। একের পর এক নেতিবাচক খবর আসছে লঙ্কান শিবির থেকে। সবশেষ এই তালিকায় যোগ হয়েছে বিনুরা ফার্নান্দোর নাম। 

বুকে সংক্রমণ নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয় বাঁহাতি পেসারকে। আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

২৯ বছর বয়সী পেসারের অসুস্থতায় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন অফ স্পিনার রামেশ মেন্ডিস।

বিনুরার আগে ছিটকে যান দুই পেসার দুশমান্থ চামিরা ও নুয়ান থুসারা। স্কোয়াড ঘোষণার পর দিনই চামিরার জায়গায় নেওয়া হয় আসিথা ফার্নান্দোকে। তবে চামিরার চোটের ধরন সম্পর্কে কিছু জানায়নি এসএলসি। 

পর দিন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করার সময় বাঁ হাতের আঙুল ভেঙে যায় ‘স্লিঙ্গিং’ অ্যাকশনের পেসার থুসারার। সাম্প্রতিক সময়ে লঙ্কান বোলিংয়ের বড় অস্ত্র হয়ে ওঠা ২৯ বছর বয়সী পেসারের জায়গায় ডাক পান দিলশান মাদুশাঙ্কা।

পাল্লেকেলেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু শনিবার। পরের দুই ম্যাচ রোববার ও মঙ্গলবার। এরপর ২, ৪ ও ৭ অগাস্ট তিনটি ওয়ানডে খেলবে দুই দল। টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেও খেলা হবে না চামিরার।