Published : 02 Jun 2026, 09:27 AM
আইপিএলে ‘ইম্প্যাক্ট সাব’ নিয়ম নিয়ে তুমুল আলোচনা চলছে অনেক দিন ধরেই। সাচিন টেন্ডুলকার থেকে শুরু করে অনেকেই এই নিয়মের বাতিল চান। কিন্তু আইপিএল ছাড়িয়ে এটি এখন ছড়িয়ে পড়ছে নতুন সীমানায়। এবারে লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) থাকছে ‘ইম্প্যাক্ট সাব।’
‘ইম্প্যাক্ট সাব’ থাকা মানে কার্যত ১২ জন নিয়ে খেলা। নিয়মটি নিয়ে মূল আপত্তি বা অভিযোগের জায়গা হলো, এটির কারণে অলরাউন্ডারদের পথ সঙ্কুচিত হয়ে আসছে। বাড়তি একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান বা বোলার খেলানোর সুযোগ থাকায় অলরাউন্ডারদের কদর কমে যাচ্ছে। অলরাউন্ডারদের উঠে আসার বা গড়ে ওঠার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। ভারতের ক্রিকেটে এটির প্রভাব নিয়ে নানা বিতর্ক হচ্ছে। শ্রীলঙ্কার ক্রিকেটে এটির বোঝা যাবে সময়েই।
আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম থাকছে এবারের এলপিএলে। একজন অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারকে (যার জন্ম ১ জুলাই, ২০০৩ বা তার পরে) সব সময় প্রতিটি দলের একাদশে থাকতে হবে, তা এমনকি ইম্প্যাক্ট সাব ব্যবহারের পরও।
এই দুটি নতুন নিয়ম মাথায় রেখেই কলম্বোতে সোমবার এলপিএলের ড্রাফটে স্কোয়াড সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। পূর্ব-চুক্তিবদ্ধ চারজন ক্রিকেটার থেকে শুরু করে ড্রাফটে নির্বাচিত ১৬-১৮ জন ক্রিকেটার পর্যন্ত সবার ক্ষেত্রে বেশ সুচিন্তিত স্কোয়াড গড়তে হয়েছে এই দুটি পরিবর্তনের কারণে। দলগুলোকে একদিকে যেমন ভাবতে হচ্ছিল, অনভিজ্ঞ তরুণ প্রতিভাদের কোন ভূমিকায় দলে রাখা হবে, তেমনি তাদের সর্বোচ্চ প্রভাবের জন্য নিজেদের স্কোয়াডে ভারসাম্যও আনতে হচ্ছিল।
ব্যাপারটিকে আরও জটিল করে তুলেছিল উপযুক্ত অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারের তুলনামূলক ঘাটতি। কারণ শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের অনেক প্রতিভাবান ক্রিকেটার এলপিএলের সময়টায় ভারতের বিপক্ষে সিরিজে খেলার কথা থাকায় এই টুর্নামেন্টে থাকছেন না।
পাঁচ দল নিয়ে এলপিএলের ষষ্ঠ আসর হবে আগামী ১৭ জুলাই থেকে ৮ অগাস্ট।