১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ রাঙিয়ে মাস সেরার লড়াইয়ে সাহিবজাদা

পাকিস্তানি ওপেনারের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস ও যুক্তরাষ্ট্রের পেসার শ্যাডলি ফন স্কালভিক।

বিশ্বকাপ রাঙিয়ে মাস সেরার লড়াইয়ে সাহিবজাদা
পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 05:50 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে দল উঠতে না পারলেও ব্যাট হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেন সাহিবজাদা ফারহান। বিশ্ব মঞ্চে একাধিক রেকর্ড গড়া পাকিস্তানি ওপেনারের সামনে আরেকটি অর্জনের হাতছানি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

ফেব্রুয়ারি মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম সোমবার প্রকাশ করেছে আইসিসি। স্বীকৃতির জন্য সাহিবজাদার সঙ্গে লড়বেন ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস ও যুক্তরাষ্ট্রের পেসার শাডলি ফন স্কল্কভাইক।

আর নারীদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার হার্শিথা সামারাউইক্রামা, পাকিস্তানের ফাতিমা সানা ও ভারতের আরুন্ধাতি রেড্ডি।

সাহিবজাদা ফারহান

বিশ্বকাপে ছয় ইনিংসে ১৬০.২৫ স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ ৩৮৩ রান করেন সাহিবজাদা। সঙ্গে ভিরাট কোহলিকে ছাড়িয়ে বিশ ওভারের বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন তিনি।

দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেন সাহিবজাদা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি শতক করা প্রথম ব্যাটসম্যানও তিনি।

উইল জ্যাকস

গত মাসটা ব্যাট ও বল হাতে দুর্দান্ত কাটে জ্যাকসের। ফেব্রুয়ারিতে নয়টি টি-টোয়েন্টি খেলে ১৭৩.২১ স্ট্রাইক রেটে ১৯২ রান করেন তিনি। অফ স্পিনে ওভারপ্রতি ৮.০৪ রান দিয়ে উইকেট নেন ১১টি।

ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমি-ফাইনালে তোলার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জ্যাকস। অলরাউন্ড পারফরম্যান্সে চারটি ম্যাচে সেরার পুরস্কার জেতেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।

শাডলি ফন স্কল্কভাইক

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় যুক্তরাষ্ট্র। তবে গ্রুপ পর্বের চার ম্যাচেই চমৎকার বোলিং উপহার দিয়ে ১৩ শিকার ধরেন দলটির পেসার ফন স্কল্কভাইক। আসরে যৌথভাবে যা দ্বিতীয় সর্বোচ্চ।

ভারত ও পাকিস্তানের বিপক্ষেই ২৫ রান খরচায় চারটি করে উইকেট নেন ফন স্কল্কভাইক। নেদারল্যান্ডসের বিপক্ষে ২১ রানে তিন শিকার ধরা বোলার নামিবিয়ার সঙ্গে দুই উইকেট নেন ৩০ রান দিয়ে। 

হার্শিথা সামারাউইক্রামা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কান মেয়েদের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পথে বড় ভূমিকা রাখেন হার্শিথা। তিন ইনিংসে ১৭১ রান করেন তিনি ৫৭ গড় ও ৬০.৮৫ স্ট্রাইক রেটে। ৬৬, ৩৫ ও ৭০ রানের ইনিংস খেলে সিরিজ শেষ করেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে।

ফাতিমা সানা

দক্ষিণ আফ্রিকায় গত মাসে খেলা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স পাকিস্তানি অলরাউন্ডার ফাতিমাকে জায়গা করে দিয়েছে মাস সেরার লড়াইয়ে। দুটি ওয়ানডে ৫৭ রান করেন তিনি ১২৬.৬৬ স্ট্রাইক রেটে, সঙ্গে দুটি উইকেটও নেন।

টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ফাতিমা। প্রথম ম্যাচে ৯০ রানের পর তৃতীয়টিতে খকেলেন ৪৭ রানের ইনিংস। তিন ম্যাচে দুটি শিকারও ধরেন তিনি।

আরুন্ধাতি রেড্ডি

অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন আরুন্ধাতি। ১০.৮৭ গড় ও ওভারপ্রতি ৭.২৫ রান দিয়ে আট উইকেট নেন ভারতীয় পেসার। সিরিজটি ২-১ ব্যবধানে জেতে ভারত।