১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চিন্নাসোয়ামি স্টেডিয়ামে দ্রাবিড়-কুম্বলের নামে স্ট্যান্ড

ভারতের নারী দলের প্রথম অধিনায়ক শান্তা রাঙ্গাসোয়ামির নামেও একটি স্ট্যান্ড থাকবে বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে।

চিন্নাসোয়ামি স্টেডিয়ামে দ্রাবিড়-কুম্বলের নামে স্ট্যান্ড
রাহুল দ্রাবিড় (বাঁয়ে) ও আনিল কুম্বলে

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 08:11 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

ভারতের পুরুষ ক্রিকেটের সাবেক দুই অধিনায়ক রাহুল দ্রাবিড় ও আনিল কুম্বলে এবং নারী দলের প্রথম অধিনায়ক শান্তা রাঙ্গাসোয়ামিকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে কার্ণাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। বেঙ্গালুরুর এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে তিনটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে তাদের নামে।

কেএসসিএ শনিবার এই ঘোষণা দেয়। চিন্নাসোয়ামি স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষে কেএসসিএ আয়োজিত অনুষ্ঠানে এই মাঠকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ বলে অবিহিত করে অনেক স্মৃতিচারণ করেন ব্যাটিং গ্রেট দ্রাবিড়।  

“এটি এমন একটি মাঠ, যেখানে সম্ভবত নিজেদের ঘরের চেয়ে বেশি সময় কাটিয়েছি আমরা। এখানে সুখের মুহূর্ত যেমন আছে, তেমনি আছে হতাশাও। কিন্তু এই মাঠই আমাকে আজকের আমি করে তুলেছে। কেএসসিএ ও এই আইকনিক মাঠ আমার জীবনে যা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না। আমি সত্যিই কৃতজ্ঞ যে ভেঙ্কাটেশ প্রসাদ (কেএসসিএ সভাপতি) ও তার কমিটি আমার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে।”

“আমার পরিবারের জন্য এটি অনেক কিছু। আমার বাবা খেলাটি ভালোবাসতেন, যেমনটি আপনারা অনেকেই জানেন। খেলার প্রতি আমার ভালোবাসা তৈরির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি অনেক ম্যাচে আমাকে এখানে নিয়ে আসতেন, কেবল টেস্ট ম্যাচই নয়, রাঞ্জি ট্রফির ম্যাচের জন্যও। তিনি যখনই ছুটি পেতেন, আমাকে এখানে নিয়ে আসতেন। আমার ছোটবেলায় প্রতিটি ম্যাচের অন্তত একদিন আমরা এখানে উপস্থিত থাকতাম। আজ তিনি বেঁচে থাকলে খুব গর্ব করতেন যে, তার ছেলের নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে।”

দ্রাবিড়কে মনে করা হতো ব্যাটিং শুদ্ধতার প্রতীক। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। টেস্টে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৬৪ ম্যাচে তার রান ১৩ হাজার ২৮৮। ওয়ানডেতে ৩৪৪ ম্যাচে রান ১০ হাজার ৮৮৯। 

এই দুই সংস্করণেই ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিন গ্রেট কুম্বলে। টেস্টে তার উইকেট ৬১৯টি, ওয়ানডেতে ৩৩৭টি। 

নারী ক্রিকেটের পথিকৃৎ রাঙ্গাসোয়ামি। ১৯৭৬ সালে ভারতের নারী দলের প্রথম অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বেই প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ভারত। নারী ক্রিকেটে ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তিনিই। ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই থেকে আজীবন সম্মাননা পাওয়া প্রথম নারী ক্রিকেটারও তিনি।