Published : 28 Dec 2025, 03:03 AM
প্রথম ওভারে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে দিয়ে শুরু। তার পথ অনুসরণ করে আসা-যাওয়ার মিছিলে যোগ দিলেন পরের ব্যাটসম্যানরাও। পঞ্চাশের নিচে অলআউট হয়ে বিব্রতকর রেকর্ড গড়ল ডেভিড মিলারের নেতৃত্বাধীন পার্ল রয়্যালস।
এসএ টোয়েন্টির চতুর্থ আসরের তৃতীয় ম্যাচে শনিবার সানরাইজার্স ইস্টার্ন কেপের ১৮৬ রানের জবাবে ১১.৫ ওভারে ৪৯ রানে গুটিয়ে যায় রয়্যালস।
দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বনিম্ন দলীয় স্কোর এটিই। ২০২৪ সালে সানরাইজার্সের বিপক্ষেই ৫২ রানে অলআউট হয়ে আগের রেকর্ডটি ছিল প্রিটোরিয়া ক্যাপিটালসের।
প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স এদিন ম্যাচ জিতেছে ১৩৭ রানে। প্রতিযোগিতাটিতে এর চেয়ে বড় জয় আছে কেবল একটি। ২০২৩ সালে ক্যাপিটালসের বিপক্ষে ১৫১ রানে জিতেছিল ডারবান সুপার জায়ান্টস।
পার্লের বোল্যান্ড পার্কে রয়্যালসের হয়ে দুই অঙ্কে যেতে পারেন কেবল দুই জন ব্যাটসম্যান। সর্বোচ্চ রান ১৪।
৩ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে সানরাইজার্সের সফলতম বোলার প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া। ম্যাচ-সেরার পুরস্কার পান তিনিই। অ্যাডাম মিল্নে ৭ রানে ও থারিন্দু রাত্নায়েকে ৯ রানে নেন ২টি করে উইকেট।
এর আগে দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন জর্ডান হারমান। তার ২৮ বলের ইনিংস গড়া ৫টি চার ও ৪টি ছক্কায়। ২৪ বলে ৪২ রান করেন কুইন্টন ডি কক।
আসরে নিজেদের প্রথম ম্যাচে এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবে খুব হতাশ মিলার। তবে এখান থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান রয়্যালস অধিনায়ক।
“আমাদের জন্য খুব ভালো ম্যাচ ছিল না। কিন্তু প্রতিযোগিতার অনেকটা বাকি। ব্যাটসম্যানরা শুরুটা ভালো করতে পারেনি। ওরা খুব ভালো বোলিং করেছে। এটা আমাদের প্রথম ম্যাচ। দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, তারা দ্রুত শিখবে এবং আমরা সবাই একসঙ্গে শিখব। আমরা কীভাবে ঘুরে দাঁড়াই, তা দেখার জন্য উন্মুখ হয়ে আছি আমি।”
“আজ রাতের জন্য খুব হতাশ, কিন্তু আমাদের সামনে অনেক কিছু আছে, তা থেকে আমরা আত্মবিশ্বাস নেব।”