১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেসির কলকাতা সফরে নাম জড়ানোয় আইনী ব‍্যবস্থা সৌরভ গাঙ্গুলির

কলকাতার আর্জেন্টিনা ফ‍্যান ক্লাবের প্রেসিডেন্ট উত্তম সাহার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 10:29 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরের সময় ঘটে যাওয়া বিশৃঙ্খলা ঘটনার সঙ্গে নাম জড়ানোয় আইনী ব‍্যবস্থা নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। কলকাতার আর্জেন্টিনা ফ‍্যান ক্লাবের প্রেসিডেন্ট উত্তম সাহার বিরুদ্ধে ৫০ কোটি রূপির ক্ষতিপূরণ মামলা করেছেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

লালবাজারে করা অভিযোগে সৌরভ বলেন, উত্তম সাহা তার বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। প্রকাশ্যে তিনি বিভিন্ন গুরুতর অভিযোগ তুলেছেন, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।

বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ‍্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ। তিনি পরিষ্কার করেন যে, গত ১৩ ডিসেম্বর একজন অতিথি হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন। মেসির অনুষ্ঠানের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক সংযোগ ছিল না। 

ভারতীয় গণমাধ‍্যমের খবর অনুযায়ী, সেদিন সল্ট লেক স্টেডিয়ামে মাত্র ২০ মিনিট ছিলেন ফুটবলের মহানায়ক। ভক্তদের অভিযোগ, রাজনৈতিক নেতা ও অভিনেতারা মেসিকে ঘিরে থাকায় ফুটবলের মহাতারকাকে দেখতে পাননি তারা। এতে ক্ষুব্ধ হয়ে সিট উপড়ে ফেলা, বোতলসহ নানা কিছু ছুঁড়ে মারা, মাঠে ঢুকে পড়া, মঞ্চ ভেঙে ফেলা- কী করেননি তারা।

সাহা দাবি করেন, এই ইভেন্টে শতদ্রুর ম‍্যানেজমেন্টে মধ‍্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন সৌরভ। তার আইনী দল এরই মধ‍্যে সাহাকে একটি নোটিশ পাঠিয়েছে। এতে বক্তব‍্য প্রত‍্যাহার ও ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।