২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

উইন্ডিজ সিরিজ শেষ মিচেলের

কুঁচকির চোটে ভুগছেন নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান।

উইন্ডিজ সিরিজ শেষ মিচেলের
ড্যারিল মিচেল। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 02:53 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

ড্যারিল মিচেলকে নিয়ে জাগা শঙ্কাই সত্যি হলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান।

ক্রাইস্টচার্চে গত রোববার দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন মিচেল। কঠিন উইকেটে ১১৯ রানের ইনিংস খেলার পথে কুঁচকিতে টান পড়ে তার। তখন থেকেই সিরিজের পরের দুই ম্যাচে তাকে পাওয়া নিয়ে জাগে অনিশ্চয়তা।

নিউ জিল্যান্ড ক্রিকেট মঙ্গলবার নিশ্চিত করে মিচেলের ছিটকে পড়ার কথা।

দলটির ব্যাটিং লাইন আপের বড় ভরসা ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে স্রেফ ৫৬ ম্যাচেই ৭ সেঞ্চুরি ও ১১ ফিফটি করে ফেলেছেন তিনি। ব্যাটিং গড় ৫৩.১৩, স্ট্রাইক রেট ৯৩.৮৫।

মিচেলকে নিয়ে অনিশ্চয়তায় দ্বিতীয় ওয়ানডের জন্য হেনরি নিকোলসকে দলে ডাকে কিউইরা। এখন পরের ম্যাচের দলেও থাকবেন এই ব্যাটসম্যান।

একাদশে জায়গার জন্য নিকোলসকে লড়তে হবে মার্ক চ্যাপম্যানের সঙ্গে। আগে থেকেই স্কোয়াডে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই বছর চারটি ওয়ানডে খেলে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন তিনি। সবশেষ ওয়ানডেতেই পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ১১১ বলে ১৩২ রানের ইনিংস। কিন্তু দলীয় সমন্বয়ের কারণে একাদশে নিয়মিত জায়গা হচ্ছে না ৩১ বছর বয়সী ক্রিকেটারের।

প্রথম ওয়ানডে ৭ রানে জিতে সিরিজে এগিয়ে আছে নিউ জিল্যান্ড। ন্যাপিয়ারে পরের ম্যাচ বুধবার। তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী শনিবার।