Published : 14 Aug 2025, 10:41 AM
চোট ও বিশ্রাম মিলিয়ে এমনিতেই সম্ভাব্য সেরা স্কোয়াড পায়নি অস্ট্রেলিয়া। ঘোষিত সেই দল থেকেও এবার তারা হারাল তিনজনকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়ায় থেকে ছিটকে গেলেন মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও ল্যান্স মরিস।
তিনজনের বদলে তারা দলে যোগ করেছে দুজনকে। জায়গা পেয়েছেন অ্যারন হার্ডি ও ম্যাথু কুনেমান।
প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার কাগিসো রাবাদার বল ছোবল দেয় ওয়েনের হেলমেটে। মাটে কনকাশন পরীক্ষায় উতরে গিয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান। যদিও নিজের সহজাত চেহারায় ছিলেন না একটুও। অস্বস্তিময় সময় কাটিয়ে আগ্রাসী ব্যাটসম্যান সেদিন আউট হন ১৩ বলে ৮ রান করে।
ম্যাচের পর দেরিতে কনকাশনের কিছু আভাস পাওয়া যায় তার মধ্যে। এখন তাকে অন্তত ১২ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে। টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুটা দারুণ করা অলরাউন্ডার ওয়ানডে স্কোয়াডে প্রথমবার জায়গা পেয়েই বাইরে চলে গেলেন মাঠে নামার আগে।
শনিবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও তাকে পাবে না দল।

মরিসের দুর্ভাগ্যও কম নয়। গত বছর তিনটি ওয়ানতে খেলা ফাস্ট বোলার চোট কাটিয়ে দীর্ঘ পুনবার্সনের পর ফিরেছিলেন দলে। কিন্তু আগেও নানা সময়ে পিঠের চোটে পড়া ২৭ বছর বয়সী ক্রিকেটার আবারও ভুগছেন একই সমস্যায়। ভালোভাবে পরীক্ষার জন্য পার্থে ফিরেছেন তিনি। সামনের পথচলা আবারও অনিশ্চয়তায় তার।
ওয়েন-মরিসের চেয়ে শর্টকে হারানোই অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। আগ্রাসী এই ব্যাটসম্যান ও কার্যকর অফ স্পিনার মূল একাদশের পরিকল্পনায় ছিলেন ভালোভাবেই। কিন্তু যে সাইড স্ট্রেইনের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি খেলতে পারেননি, সেখান থেকে সেরে উঠতে পারেননি এখনও।
দলে ফেরা হার্ডি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টি-টোয়েন্টিতে বেশ ভালো পারফর্ম করেও জায়গা হারিয়েছিলেন। সতীর্থের চোট আবার তাকে ফেরাল দলে। ২৬ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার এখনও পর্যন্ত ওয়ানডে খেলেছেন ১৩টি। ওয়েনের বদলে এমনকি টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও তাকে দেখা যেতে পারে।
কুনেমান চারটি ওয়ানডে খেলেছেন ২০২২ সালে। ছয়টি উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। তাকে দলে নেওয়ায় অস্ট্রেলিয়ার কৌশলের বদলও ফুটে উঠছে। অ্যাডাম জ্যাম্পার সঙ্গে জোড়া স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে তারা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী মঙ্গলবার কেয়ার্নসে।