১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজদের ম্যাচ দিয়ে আইএল টি-টোয়েন্টি শুরু

উদ্বোধনী ম্যাচটি যেন গত আসরের ফাইনালের পুনঃমঞ্চায়ন।

মুস্তাফিজদের ম্যাচ দিয়ে আইএল টি-টোয়েন্টি শুরু
সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় দুবাই ক্যাপিটালস। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 05:59 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ আসরের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে। আগামী ২ ডিসেম্বর পর্দা উঠবে আসছে আসরের। উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজের দল ও বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ডেজার্ট ভাইপার্স। 

দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আগেই আইপিএল, পিএসএল ও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা মুস্তাফিজের সামনে এবারই প্রথম সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে খেলার হাতছানি।

গত সপ্তাহে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দেয় শিরোপাধারীরা। তবে একই সময়ে হতে পারে বিপিএল। তাই আইএল টি-টোয়েন্টিতে দল পেলেও, সেখানে বাঁহাতি এই পেসারের খেলা নিশ্চিত নয়।

এবারের আসরে চার দিন হবে দুটি করে ম্যাচ। বাকি দিনগুলোতে হবে একটি করে ম্যাচ। লিগ পর্বের খেলা শেষ হবে ২৮ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর প্রথম কোয়ালিফায়ার দিয়ে শুরু হবে প্লে-অফ।

আগামী বছরের ১ জানুয়ারি হবে এলিমিনেটর ম্যাচ, আর এই ম্যাচের বিজয়ী দল ২ জানুয়ারি নামবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। একদিন বিরতির পর ৪ জানুয়ারি দুবাইয়ে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

লিগ পর্বে আগামী ৩ ডিসেম্বর শারজাহ ওয়ারিয়র্জ মুখোমুখি হবে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে। পরদিন গালফ জায়ান্টস মোকাবিলা করবে এমআই এমিরেটসকে। 

আগের আসরগুলোর মতো এবারও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

গত দুই আসরেই ফাইনাল খেলেছে দুবাই ক্যাপিটালস। সবশেষটিতে ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়ে তারা শিরোপা জিতেছিল।

এর আগে ২০২৪ সালে এমআই এমিরেটস এবং ২০২৩ সালের উদ্বোধনী মৌসুমে গালফ জায়ান্টস ট্রফি উঁচিয়ে ধরে।