আইপিএল
Published : 18 Mar 2026, 09:18 PM
ভিরাট কোহলির সবশেষ স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ আইপিএলে। ২০ ওভারের সংস্করণে আবার তাকে মাঠে দেখা যাবে এই ফ্র্যাঞ্চাইজি লিগেই। মাঝে দীর্ঘ দিন টি-টোয়েন্টি না খেলায় এবারের আইপিএল কোহলির জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন ইরফান পাঠান। ভারতের ব্যাটিং গ্রেট এই মৌসুমে কেমন করেন, দেখতে উন্মুখ হয়ে আছেন দেশটির বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাঠ দুই বছর আগেই চুকিয়ে ফেলেছেন কোহলি। ২০২৪ সালে বিশ্বকাপ জয়ের পর ভারতের হয়ে এই সংস্করণকে বিদায় বলে দেন তিনি। গত বছর টেস্ট ক্রিকেট থেকেও নিয়ে নেন অবসর।
ভারতের হয়ে এখন কেবল ওয়ানডে খেলেন কোহলি। তাই প্রতিযোগিতামূলক ক্রিকেটের স্বাদ এখন আর আগের মতো নিয়মিত পাওয়া হয় না তার। গত জানুয়ারির পর যেমন আইপিএল দিয়ে মাঠে ফিরবেন তিনি।
কোহলির সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ ২০২৫ সালের আইপিএল ফাইনাল। যেখানে পাঞ্জাব কিংসকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই ম্যাচে ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
মাঝে লম্বা সময় কেটে গেছে কোহলির কোনো টি-টোয়েন্টি না খেলে। আগামী ২৮ মার্চ শুরু হবে এবারের আইপিএল। সব কিছু ঠিকঠাক থাকলে বেঙ্গালুরুর শিরোপা ধরে রাখার অভিযানের শুরু থেকেই দেখা যাবে তাকে। উদ্বোধনী ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বেঙ্গালুরু।
নিজের ইউটিউব চ্যালেঞ্জে পাঠান বলেন, স্রেফ ওয়ানডেতে কয়েকটি ম্যাচ খেলে আইপিএলে নিজেকে মেলে ধরা কঠিন যে কারো জন্যই। তবে কোহলির অতীতে অনেক বন্ধুর পথ পাড়ি দেওয়ার কথাও মনে করিয়ে দেন তিনি।
“এবার কোহলির জন্য পরিস্থিতি কিছুটা আলাদা হবে। এই প্রথম টেস্ট থেকে অবসর নেওয়ার পর সে আইপিএল খেলবে। সে কেবল একটি সংস্করণেই খেলছে। কারো জন্যই এটা সহজ নয়। তবে সে (আইপিএলে) রান করেছে, তার পারফরম্যান্সও দুর্দান্ত। এমনকি বিরতি থেকে ফেরার পরও ওয়ানডে ক্রিকেট তার জন্য কঠিন হয়নি।”
“কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে, দীর্ঘ সময় খেলার বাইরে থাকার পর মাঠে ফিরে আগ্রাসী মানসিকতায় খেলা কঠিন হয়। যদিও সে অতীতে অনেক চ্যালেঞ্জেরই মুখোমুখি হয়েছে। সে এই মৌসুমে কেমন করে দেখতে মুখিয়ে আছি।”
গত বছরের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার পর লম্বা সময় ক্রিকেটের বাইরে ছিলেন কোহলি। পরে অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে মাঠে ফিরে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হন তিনি। সিডনিতে অপরাজিত ৭৪ রানের ইনিংস দিয়ে ছন্দে ফেরেন ডানহাতি ব্যাটসম্যান।
নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টানা দুটি সেঞ্চুরি উপহার দেন কোহলি। পরের দুই ম্যাচে খেলেন অপরাজিত ৬৫ ও ৯৩ রানের ইনিংস। এরপর জানুয়ারিতে, সবশেষ ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার।
বিরতির ছাপ তার ওয়ানডে ব্যাটিংয়ে পড়েনি। এক বছর পর টি-টোয়েন্টি খেলতে নেমে কতটা জ্বলে উঠতে পারবেন কোহলি, সেটা সময়ই বলবে।