Published : 25 Dec 2025, 07:29 PM
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল খারাপ লাগেনি দিলিপ ভেংসরকারের। তবে সেখানে ইয়াশাসভি জয়সওয়ালের না থাকা একদমই মানতে পারছেন না তিনি। আর কী করলে এই সংস্করণের দলে ফিরতে পারবেন বাঁহাতি ব্যাটসম্যান, প্রশ্ন ভারতের সাবেক অধিনায়কের।
টেস্ট ও ওয়ানডেতে ভারতের নিয়মিত ওপেনার ২৩ বছর বয়সী জয়সওয়াল। কিন্তু টি-টোয়েন্টিতে জাতীয় দলে এখনও জায়গা পাকা করতে পারেননি তিনি। দেশের হয়ে এই সংস্করণে সবশেষ খেলেছেন প্রায় দেড় বছর আগে, ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২ ইনিংসে ৭২৩ রান করেছেন জয়সওয়াল ১৬৪.৩১ স্ট্রাইক রেটে। তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে চার সেঞ্চুরি ও ২৩ ফিফটিতে তার রান তিন হাজার ৬৮২।
গত ১৪ ডিসেম্বর সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও সেঞ্চুরি করেন জয়সওয়াল। মুম্বাইয়ের হয়ে হারিয়ানার বিপক্ষে ১ ছক্কা ও ১৬ চারে খেলেন ৫০ বলে ১০১ রানের ইনিংস। তার ওই ইনিংস খেলার ছয় দিন পর বিশ্বকাপের দল দেয় ভারত। কিন্তু দলে জায়গা পেতে তা যথেষ্ট হয়নি জয়সওয়ালের জন্য।
জয়সওয়ালকে ছাড়া বিশ্বকাপের দল পছন্দ হচ্ছে না ভারতের হয়ে ১১৬ টেস্ট খেলা ব্যাটসম্যান ভেংসরকারের।
“এটা দুর্ভাগ্যজনক যে, ইয়াশাসভিকে বারবার তার কোনো দোষ ছাড়াই বাদ দেওয়া হচ্ছে। সব সংস্করণেই সে অসাধারণ ফর্মে আছে। দলে আসার জন্য তাকে আর কী করতে হবে, আমি জানি না।”
অনেক আলোচনা-সমালোচনার পর টি-টোয়েন্টি দল থেকে শুবমান গিলকে বাদ দেয় ভারত। নির্বাচকদের এই সিদ্ধান্ত পছন্দ হয়েছে ভেংসরকারের। গিলের জায়গায় জয়সওয়ালকে নিলে আরও বেশি খুশি হতেন তিনি।
“তারা সকলেই দুর্দান্ত খেলোয়াড়, তবে বর্তমান ফর্ম এবং ফিটনেসের ভিত্তিতে নির্বাচক কমিটি ক্রিকেটারদের বিচার করলে আমি সেটাকে সমর্থন করি। দল নির্বাচনের ক্ষেত্রে সাম্প্রতিক ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
“আর যদি জিজ্ঞাসা করেন যে, গিলের পরিবর্তে আমি কাকে বেছে নিতাম, তাহলে আমার পছন্দ হতো জয়সওয়াল। সে বারবার প্রমাণ করেছে যে, সে কতটা চমৎকার পারফর্মার এবং এখনকার ক্রিকেটে যেমন শুরুর প্রয়োজন সে সবসময় দলকে তেমন কিছুই দিয়েছে।”
ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। মুম্বাইয়ে উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে সুরিয়াকুমার ইয়াদাভের দল।