১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দারুণ বোলিংয়ে ম্যাচ-সেরা মোসাদ্দেক

আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ হওয়ার পর এবার বোলিং পারফরম্যান্সে ম্যাচের সেরা হলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 01:43 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

আগের ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস উপহার দিয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন মোসাদ্দেক হোসেন। এবার তার ব্যাটিংয়ে নামারই প্রয়োজন পড়ল না। অভিজ্ঞ অলরাউন্ডার ম্যাচের ভাগ্য গড়ে দিলেন বল হাতেই। 

মোসাদ্দেকের সঙ্গে অন্য বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সই গড়ে দেয় ঢাকা বিভাগের জয়ের ভিত। পরে রান তাড়ায় টপ অর্ডার ব্যাটসম্যানরা পাত্তা দেয়নি সিলেট বিভাগকে। জাতীয় লিগ টি-টোয়েন্টিতে ঢাকা ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে।

১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হন মোসাদ্দেক, আরেক অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম ও বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি নেন ২টি করে উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় সিলেট। এর দুটি শিকার ছিল শুভাগতর, একটি মোসাদ্দেকের।

তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিব। তবে রানের গতি খুব ভালো ছিল না। জুটিতে দুজন বল খেলেন ৭২টি!

অমিতের ৫২ আসে ৪৬ বল খেলে, গালিব সমান রান করেন ৪৬ বলে।

ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়ার রেজাউর রহমান দুই ছক্কায় ১৫ রান করেন। 

সিলেটের ইনিংস থামে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানে।

সেই রান টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি ঢাকা বিভাগকে। উদ্বোধনী জুটিতেই ৯৩ রান তুলে ফেলেন আশিকুর রহমান শিবলি ও রায়ান রাফসান রহমান। 

প্রথম টি-টোয়েন্টি ফিফটিতে ৬ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে ৬০ রান করে বিদায় নেন আশিকুর। 

এরপর রায়ান ও আরিফুল ইসলাম খেলা শেষ করে দেন তিন ওভার আগে। 

৪৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন রায়ান, ১৮ বলে ২৬ রানে আরিফুল। 

সংক্ষিপ্ত স্কোর: 

সিলেট বিভাগ: ২০ ওভারে ১৩৪/৭ (মিজানুর ২, মুবিন ০, জাকির ১, অমিত ৫২, গালিব ৫২, রেজাউর ১৫, খালেদ ০, রাহাতুল ০*, নাঈম ৩*; নাজমুল অপু ৪-০-১১-০, শুভাগত ২-০-১০-২, মোসাদ্দেক ৪-০-১৯-৩, রিপন ২-০-২৫-০, তাইবুর ৪-০-২৮-০, মাহফুজুর ৩-০-২৪-২, সুমন ১-০-১১-০)।

ঢাকা বিভাগ: ১৭ ওভারে ১৩৫/১ (আশিকুর ৬০, রায়ান ৪৬*, আরিফুল ২৬*; গালিব ৩-০-২৫-০, রাহাতুল ২-০-২৩-০, ইবাদত ৩-০-২১-০, খালেদ ৪-০-১৭-০, নাঈম ৩-০-২৬-১, রেজাউর ২-০-২২-০)।

ফল: ঢাকা বিভাগ ৯ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ:  মোসাদ্দেক হোসেন। 

সৌম্য-এনামুলের ব্যাটে রান

দিনের আরেক ম্যাচে ঢাকা মেট্রোকে ২২ রানে হারায় খুলনা বিভাগ। 

আগের ম্যাচে ঝড়ো ফিফটি করা সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৫। ৭১ রানের উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ইমরানউজ্জামান ৩০ বলে করেন ৩৬। 

তৃতীয় উইকেটে এনামুল হক ও আফিফ হোসেন যোগ করেন ৮১ রান। 

২৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন এনামুল। আফিফ অপরাজিত থাকেন ২৫ বলে ৩৩ রান করে। 

রান তাড়ায় মাহফিজুল ইসলামকে দ্রুত হারালেো ঢাকা মেট্রোকে পথে রাখেন অধিনায়ক মোহাম্মদ নাঈম শেখ ও আনিসুল ইসলাম ইমন। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৬০ রানের জুটি গড়েন দুজন।

তবে পরপর দুই বলে দুজনকেই হারায় ঢাকা মেট্রো। ২৩ বলে ২৮ করেন আনিসুল, ২৩ বল ৩৩ করে রান আউট হন নাঈম।

এরপর একটি করে ছক্কা ও চারে ১২ বলে ১৭ করে বিদায় নেন সাদমান ইসলাম। অভিজ্ঞ শামসুর রহমান অনেকটা সময় উইকেটে থেকে ২০ বলে ২২ করে রান আউট হন। এরপর আর কোনো ব্যাটসম্যান বলার মদো কিছু করতে পারেননি। 

সংক্ষিপ্ত স্কোর: 

খুলনা বিভাগ: ২০ ওভারে ১৭১/৫ (ইমরানউজ্জামান ৩০, সৌম্য ৪৫, এনামুল ৪৯, আফিফ ৩৩*, মিঠুন ১, মিরাজ ৩, মাহমুদুল ৪-০-২৭-০, মারুফ ৪-০-৩৯-১, আবু হায়দার ৪-০-৪৩-২, আরিফ ৩-০-১৭-১, আনিসুল ১-০-১৯-০, রাকিবুল ৪-০-২৬-১ )।

ঢাকা মেট্রো : ১৯.১ ওভারে ১৪৯ (মাহফিজুল ৬, নাঈম শেখ ৩৩, আনিসুল ২৮, শাদমান ১৭, শামসুর ২২, তাহজিবুল ০, মাহমুদুল ৭, আবু হায়দার ১০, রকিবুল ৪, মারুফ ৭*, আরিফ ১১; মিরাজ ৪-০-২৮-১, জায়েদ ৪-০-৩৬-১, রবিউল ৩-০-২৩-১, জীবন ৪-০-৩২-২, মৃত্যুঞ্জয় ৩.২-০-২২-৩, জিয়াউর ১-০-৮-০)

ফল: খুলনা বিভাগ ২২ রানে জয়ী। 

ম্যান অব দা ম্যাচ: এনামুল হক।