Published : 01 Jan 2026, 01:22 PM
সিরিজের ফয়সালা হয়ে গেছে। ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের স্বপ্নও গুঁড়িয়ে গেছে। তবে প্রাপ্তির পালা এখনও শেষ হয়ে যায়নি বলেই মনে করেন মাইকেল ভন। অ্যাশেজজয়ী সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, শেষ টেস্টেও অনেক সমীকরণ আছে ইংলিশদের। বিশেষ করে, কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের ভবিষ্যৎ পথচলার জন্য গুরুত্বপূর্ণ হবে সিডনি টেস্টে দলের পারফরম্যান্স।
অ্যাশেজ জয়ের স্বপ্ন নিয়ে এবার অস্ট্রেলিয়ায় গিয়ে মুখ থুবড়ে পড়েছে ইংল্যান্ড। খর্বশক্তির অস্ট্রেলিয়ার কাছেই সিরিজ হেরে গেছে প্রথম তিন টেস্টেই।
সিরিজ হারলেও অবশ্য একটি প্রাপ্তি পরে ধরা দিয়েছে ইংল্যান্ডের। মেলবোর্ন টেস্ট জিতে অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের স্বাদ পেয়েছে তারা ১৫ বছর পর।
তবে ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের সেই ম্যাচের জয়কে ঠিক গোনায় ধরছেন না ভন। ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক সিডনি মর্নিং হেরাল্ডকে বললেন, ম্যাককালাম ও স্টোকসের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে সিডনি টেস্টে দলের পারফরম্যান্স।
“ইংল্যান্ডের জন্য এটি (সিডনি টেস্ট) অনেক বড় ম্যাচ। আগের ম্যাচের জয়টা দারুণ অবশ্যই। তবে সত্যি বলতে, মেলবোর্নের ম্যাচটি ছিল পুরোপুরিই লটারি। যথাযথ টেস্ট ম্যাচ এটি ছিল না। দলের সামনের পথচলার জন্য এবং সুনির্দিষ্ট করে বললে, এই ম্যানেজমেন্টের ভবিষ্যতের জন্য এখানে সত্যিকারের ভালো একটি ম্যাচ জেতা প্রয়োজন… ২ দিনের ম্যাচ নয়।”
“এই ম্যানেজমেন্টকে এগিয়ে যেতে… বেন (স্টোকস) ও বাজের (ম্যাককালাম) এগিয়ে চলায়… আমি মোটামুটি নিশ্চিত তারাই থাকবে দায়িত্বে… তবে সেটাকে অটুট করতে এখানে ভালো পারফরম্যান্স দরকার। তাকে (ম্যাককালাম) রেখে দিতে দলের ভেতর প্রচুর চাহিদা আছে। তবে মূল ব্যাপারটি হলো, সিডনিতেও যদি তারা বিধ্বস্ত হয়, তাহলে সৎ আলোচনার প্রয়োজন।”
সিরিজ হেরে গেলেও অবশ্য দলে বড় পরিবর্তনের প্রয়োজন দেখছেন না ভন। তবে তার মতে, ‘বাজবল’ ঘরানার ক্রিকেট খেলার প্রতি দলের অতি অনুরাগ বা সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে দলকে।
“আমার মনে হয়, এই মুহূর্তে ওলট-পালট করে ফেলা ইংলিশ ক্রিকেটের জন্য প্রয়োজনীয় নয়। সফরের শেষটায় যেটাই হোক, তাদেরকে এটা মেনে নিতে হবে যে তারা অনেক ভুল করেছে। যদি তারা এরকম ভাবনায় একগুয়ে হয়ে থাকে যে, তারা স্রেফ দুর্ভাগা ছিল বা কিছু ব্যাপার পক্ষে আসেনি বলে হেরেছে… তাহলে বুঝতে হবে সমস্যা আছে।”
“এখানে গুরুত্বপূর্ণ হলো পরিণত আচরণ করা এবং একটি জায়গায় এই দল অনেক উন্নতি করতে পারে, সেটা হলো তাদের খেলার ধরন ও কথা বলার ধরন। তারা যদি সেটা মেনে নিতে পারে, এই ম্যানেজমেন্টের রয়ে যাওয়ায় সমস্যা দেখি না।”