১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়’, ১০১ রানে গুটিয়ে হারের পর সামনে তাকিয়ে শ্রেয়াস

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিব্রতকর এই হার ভুলতে চান না পাঞ্জাব কিংস অধিনায়ক।

‘লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়’, ১০১ রানে গুটিয়ে হারের পর সামনে তাকিয়ে শ্রেয়াস
ম্যাচের পর পাঞ্জাব কিংসের স্বত্বাধিকারীদের একজন প্রীতি জিনতার সঙ্গে শ্রেয়াস আইয়ার। ছবি: আইপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 08:40 AM

Updated : 10 Sep 2026, 12:43 PM

আইপিএলের ফাইনালে যাওয়ার প্রথম সুযোগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারেনি পাঞ্জাব কিংস। ব্যাটে-বলে স্রেফ গুঁড়িয়ে যাওয়ার পর কোনো অজুহাত দিতে চান না শ্রেয়াস আইয়ার। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে জিততে চান পাঞ্জাব অধিনায়ক।

মুল্যানপুরে বৃহস্পতিবার আসরের প্রথম কোয়ালিফায়ারে ৮ উইকেটে হারে পাঞ্জাব। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪.১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় দলটি। দুই অঙ্কে যেতে পারেন কেবল তিন জন। সর্বোচ্চ ইনিংস ২৬। 

অল্প পুঁজি নিয়ে বোলিংয়েও পাত্তা পায়নি তারা। ১০ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফাইনালে জায়গা করে নেয় বেঙ্গালুরু। 

ম্যাচের পর পুরস্কার বিতরণী আয়োজনে শ্রেয়াস বলেন, পরিকল্পনা ঠিক থাকলেও বাস্তবায়ন করতে পারেননি তারা। এখন সামনে তাকিয়ে তিনি। 

“দিনটা ভুলে যাওয়ার নয়… আমরা অনেক বেশি উইকেট হারিয়েছি। ফিরে গিয়ে অনেক কিছু বিশ্লেষণ করার আছে। সত্যি বলতে, আমার সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই। পরিকল্পনার দিক থেকে আমরা যা-ই করেছি, মাঠের বাইরে যা-ই (পরিকল্পনা) করেছি, আমার মনে হয় তা সঠিক ছিল। মাঠে আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। বোলারদেরও দোষ দেব না, কারণ ডিফেন্ড করার জন্য কম রান ছিল।”

“আমাদের ব্যাটিং নিয়ে কাজ করতে হবে, বিশেষ করে এই উইকেটে। আমরা এখানে যতগুলো ম্যাচ খেলেছি, সেখানে অসমান বাউন্স ছিল। আমরা কোনো অজুহাত দিতে পারি না, কারণ আমরা পেশাদার এবং আমাদের পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হবে এবং তা মেনে নিতে হবে। আমরা লড়াইয়ে হেরেছি, কিন্তু যুদ্ধে নয়।”

ফাইনালে যাওয়ার শেষ সুযোগ পাঞ্জাব পাবে আগামী রোববার। এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে তারা।