১২৮ বছর পুরোনো রেকর্ড পেরিয়ে স্মিথ এবং ইংল্যান্ডের অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড
১৮৪ রানের অপরাজিত ইনিংসে রেকর্ড বইয়ে তোলপাড় ফেলে দিয়েছেন জেমি স্মিথ, ইংল্যান্ডের ইনিংসে এক জুটিতেই উঠেছে ৩০৩, কিন্তু ‘ডাক’ মেরেছেন ৬ ব্যাটসম্যান, অদ্ভুত রেকর্ড হয়েছে আরও কিছু।
১৮৪ রানের ইনিংস খেলে রেকর্ডে বই তছনছ করে দিয়েছেন জেমি স্মিথ। হ্যারি ব্রুকের ব্যাট থেকে এসেছে ১৫৮ রানের ইনিংস। কিন্তু ইংল্যান্ডের বাকি সব ব্যাটসম্যান মিলে করেছেন স্রেফ ৪৬ রান! শূন্য রানেই ফিরেছেন ৬ ব্যাটসম্যান। এক জুটিতেই ৩০৩ রান হওয়ার পরও দলের রান কেবল ৪০৭।
ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের এমন পারফরম্যানেস তোলপাড় পড়েছে রেকর্ড বইয়ে। গর্বের কিছু কীর্তি যেমন গড়েছেন স্মিথ ও ব্রুক, তেমনি দলীয় ইনিংসে হয়েছে বিচিত্র কিছু রেকর্ড।
রাঞ্জিকে পেরিয়ে স্মিথ
সেই ১৮৯৭ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে সাত নম্বরে নেমে ২২৩ বল ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন কুমার শ্রী রাঞ্জিতসিনজি। এত বছর ধরে ইংল্যান্ডের হয়ে সাতে নেমে সর্বোচ্চ ইনিংস ছিল সেটিই। এবার ২০৭ বলে ১৮৪ রানের অপরাজিত ইনিংসে সেটি ছাড়িয়ে গেলেন জেমি স্মিথ। সতীর্থদের সহায়তা পেলে হয়তো প্রথম ডাবল সেঞ্চুরিও পেতেন এই কিপার-ব্যাটার।
রাঞ্জিতসিনজি ছিলেন ভারতীয় রাজকুমার। কেমব্রিজে পড়তে গিয়ে আলো ছড়ান তিনি ক্রিকেটে। ইংল্যান্ডের হয়ে স্রেফ ১৫ টেস্ট খেলেছেন তিনি, তার পরও তাকে মনে করা সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬.৩৭ গড়ে সাড়ে ২৪ হাজার রান করেছেন তিনি। দারুণ এক উদ্ভাবনী ব্যাটসম্যান ছিলেন তিনি, যার হাত ধরে জন্ম হয়েছে ক্রিকেটের বেশ কিছু নতুন শটের।
ইংল্যান্ডের সেরা
ইংল্যান্ডের ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে কিপার-ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ইনিংসটি এখন স্মিথের। পেরিয়ে গেছেন তিনি ‘মেন্টর’ অ্যালেক স্টুয়ার্টকে।
১৯৯৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে ১৭৩ রান করেছিলেন সাবেক অধিনায়ক স্টুয়ার্ট। সারে কাউন্টি ক্রিকেট ক্লাবে স্টুয়ার্টের নিবিড় তত্ত্বাবধানেই গড়ে উঠে এখন তাকে ছাড়িয়ে গেলেন স্মিথ।
স্মিথকে ছাড়িয়ে স্মিথ
সাত নম্বর বা এর নিচে নেমে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ইনিংসটি ছিল এতদিন ইয়ান স্মিথের। ১৯৯০ সালে অকল্যান্ডে চরম বিপর্যয়ের মধ্যে পাল্টা আক্রমণে ১৩৬ বলে ১৭৩ করেছিলেন নিউ জিল্যান্ডের কিপার-ব্যাটার।
সেই রেকর্ড এখন ছাড়িয়ে গেলেন জেমি স্মিথ।
দ্রুততম স্মিথ
চাপের মধ্যে নেমে দারুণ প্রতি আক্রমণে ৮০ বলে সেঞ্চুরি স্পর্শ করেন জেমি স্মিথ। ভারত-ইংল্যান্ড লড়াইয়ে দ্রুততম শতরান এটিই। কাপিল দেবের ৮৬ বলের সেঞ্চুরি ছিল আগের রেকর্ড।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিও এটি। ৮৮ বলের শতরানে আগের রেকর্ড ছিল বেন ডাকেটের।
সব মিলিয়ে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান স্মিথ। ৭৬ বলের সেঞ্চুরিতে গত ১২৩ বছর ধরেই ইংল্যান্ডের রেকর্ডটি গিলবার্ট জেসপের। ৭৭ বলে সেঞ্চুরি করেছেন জনি বেয়ারস্টো।
৫৪ বলে তিন অঙ্ক ছুঁয়ে টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ান নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, এখন যিনি ইংল্যান্ডের কোচ।
জুটির কীর্তি
হ্যারি ব্রুকের সঙ্গে জুটিতে জেমি স্মিথ যোগ করেন ৩০৩ রান। ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা জুটি এটি।
৩৯৯ রানের রেকর্ড বেন স্টোকস ও জনি বেয়ারস্টো জুটির, ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে। সেটি শুধু ইংল্যান্ডেরই রেকর্ড নয়, টেস্ট ইতিহাসেও ষষ্ঠ উইকেটে সেরা।
সব মিলিয়ে টেস্ট ইতিহাসে ষষ্ঠ জুটিতে নবম ট্রিপল সেঞ্চুরি এটি।
শূন্যের মেলা
স্মিথ-ব্রুকের কীর্তিময় ইনিংসে তাদের ছয় সতীর্থ আউট হয়েছেন রান না করেই। ইংল্যান্ডের এক ইনিংসে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড এটি।
ভারত এই নিয়ে দ্বিতীয়বার কোনো দলের ছয় ব্যাটসম্যানকে ফেরাল খালি হাতে। আগেরটি ছিল দক্ষিণ আফ্রিকাকে ১৯৯৬ সালে আহমেদাবাদে।
ব্রুকের ট্রিপলের ট্রিপল
এই নিয়ে তিনটি ট্রিপল সেঞ্চুরি জুটির অংশীদার হলেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের আর কোনো ব্যাটসম্যানের নেই এমন কীর্তি।
ব্রুকের আগের দুটি জুটিতে সঙ্গী ছিলেন জো রুট। এছাড়াও দুটি তিনশ রানের জুটির অংশীদার ছিলেন কিংবদন্তি লেন হাটন, গ্রাহাম গুচ, ডেভিড গাওয়ার ও জোনাথান ট্রট।
অদ্ভুত ইনিংস (১)
হ্যারি ব্রুক ও জেমি স্মিথের জুটিতে ৩০৩ রান ওঠার পরও ইংল্যান্ডের ইনিংস শেষ ৪০৭ রানে। ট্রিপল সেঞ্চুরি জুটি থাকার পরও টেস্ট ইতিহাসে সবচেয়ে কম দলীয় স্কোর এটিই।
আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। ব্রায়ান লারা ও জিমি অ্যাডামসের ট্রিপল সেঞ্চুরি জুটির পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্যামাইকায় তাদের ইনিংস থেমেছিল ৪৩১ রানে।
অদ্ভুত ইনিংস (২)
এক ইনিংসে দুই ব্যাটসম্যান স্পর্শ করেছেন দেড়শ করার পরও সবচেয়ে ছোট দলীয় স্কোরের রেকর্ড ইংল্যান্ডের এই ৪০৭।
আগের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের। ১৯৬৪ সালে গায়ানায় ইংল্যান্ডের বিপক্ষে রোহান কানহাইয়ের ১৫০ ও গ্যারি সোবার্সের ১৫২ রানের পরও দল থেমেছিল ৪১৪ রানে
অদ্ভুত ইনিংস (৩)
এক ইনিংসে ছয়টি শূন্যের পরও সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডও ইংল্যান্ডের এই ৪০৭।
উজ্জ্বল সিরাজ-আকাশ
ভারতের জয়ে মোহাম্মাদ সিরাজ নিয়েছেন ৬ উইকেট, আকাশ দিপ ৪টি। ভারতের নতুন বলের দুই বোলার মিলে ১০ উইকেটের সবকটি নেওয়ার স্রেফ চতুর্থ নজির এটি।
আগের তিনবারই এই কীর্তিতে ছিলেন কাপিল দেব। একটিতে তার সঙ্গী ছিলেন কারসান ঘাবরি, একটিতে মাদান লাল ও সবশেষ ১৯৮৩ সালে ছিলেন বালবিন্দার সিং সান্ধু। ওই ইনিংসটি অবশ্য বলা যায় কাপিলের একারই কীর্তি। তিনিই নিয়েছিলেন ৯ উইকেট, বাকিটি সান্ধু।
ঝড়ে বেগে জয়সওয়াল
দ্বিতীয় ইনিংসে ২৮ রানের পথে ২ হাজার টেস্ট রান পূরণ করেছেন ইয়াসাসভি জয়সওয়াল। মাইলফলক ছুঁতে তার লেগেছে ৪০ ইনিংস।
ভারতের হয়ে এখানে তিনি যৌথভাবে দ্রুততম। ৪০ ইনিংস লেগেছিল ভিরেন্দার শেবাগ ও রাহুল দ্রাবিড়েরও।
বিশ্বরেকর্ডটি অবশ্য প্রায় ‘অমর।’ ২২ ইনিংসে ২ হাজার ছুঁয়ে সবার ধরাছোয়ার বাইরে স্যার ডন ব্র্যাডম্যান।
