১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ জয়ের পর নতুন লক্ষ্যের কথা জানালেন গাম্ভির

পরপর দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এখন টেস্ট ক্রিকেটে বড় একটি লক্ষ্যের কথা জানালেন ভারতের কোচ গৌতাম গাম্ভির।

বিশ্বকাপ জয়ের পর নতুন লক্ষ্যের কথা জানালেন গাম্ভির
বিশ্বকাপ জয়ের পর অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের সঙ্গে কোচ গৌতাম গাম্ভির। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 12:53 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

সীমিত ওভারের ক্রিকেটে সবশেষ দুটি আইসিসি আসরের সেরা দল ভারত। ওয়ানডে ক্রিকেটে গত বছর তারা জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টিতে এবার ধরে রেখেছে বিশ্বকাপের ট্রফি। কিন্তু টেস্ট ক্রিকেটে ভারত শ্রেষ্ঠত্বের ধারেকাছে নেই। গৌতাম গাম্ভিরের মনোযোগ এখন সেদিকেই। ভারতের কোচ জানালেন, সীমিত ওভারের দুটি বড় আসর জয়ের পর এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রাখছেন তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখনও অধরা ভারতের। প্রথম দুটি আসরে অবশ্য ফাইনালে খেলেছিল তারা। প্রথমবার তারা হেরে যায় নিউ জিল্যান্ডের কাছে, পরেরবার অস্ট্রেলিয়ার কাছে। সবশেষ আসরে তো ফাইনালেই উঠতে পারেনি। 

এবারও অভিজাত সংস্করণের এই আসরে ভারতের অবস্থা খুব ভালো নয়। ৯ ম্যাচের কেবল ৪টিতে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তারা এখন আছে ৬ নম্বরে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান আপাতত চতুর্থ।

গাম্ভির কোচ হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটেই সবচেয়ে বেশি ধুঁকেছে ভারত। অবিশ্বাস্যভাবে দেশের মাঠে নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হয়েছে তারা, সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ হেরে এসেছে বাজেভাবে। কেবল ইংল্যান্ডে গিয়ে পিছিয়ে পড়েও ড্র করতে পেরেছিল গাম্ভিরের দল।

টেস্ট ক্রিকেটের এমন বাজে পারফরম্যান্সের কারণে গাম্ভিরের চাকরি সুতোয় ঝুলছে বলেও খবর বেরিয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত সীমিত ওভারের সাফল্যের কারণে তিনি উতরে গেছে।

তবে চ্যালেঞ্জটা তিনি জানেন। বিশ্বকাপ জয়ের পর ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে কোচ শোনালেন তার পরের লক্ষ্যের কথা। 

“টেস্ট ক্রিকেট আমার হৃদয়ের খুব কাছে। এই একটি সংস্করণকে খুবই লালন করি। আশা করি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে পারব আমরা। এটিই আমার পরের লক্ষ্য।”

“আরও কয়টি ম্যাচ আছে… সম্ভবত ৯টি। এখন মনোযোগ থাকবে সেদিকে, কারণ আমার মনে হয়, লাল বলের ক্রিকেটে আমরা একটি পালাবদলের মধ্য দিয়ে গিয়েছি এবং সাদা বলের ক্রিকেটের তুলনায় কাজটা কঠিন।দলে বেশ কজন তরুণ আছে, যাদের ওপর আস্থা রাখতে হবে আমাদের, কারণ টেস্ট ক্রিকেট কখনোই সহজ নয়। কাজেই পরের লক্ষ্য এটিই… আশা করি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলব।”

শুবমান গিলের নেতৃত্বে নতুন করে টেস্ট দল গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে। গাম্ভির জানালেন, ক্রিকেটারদের ভেতরও প্রবল তাড়না আছে টেস্টে ভালো করার জন্য।

“ড্রেসিং রুমে প্রায় সবাই টেস্ট ক্রিকেটে ভালো করতে চায়, কারণ ছাপ রেখে যাওয়ার সুযোগ তো এখানেই। টেস্ট ক্রিকেটে ফিরেই তৃপ্তি পাওয়া যায়। এটিই একমাত্র সংস্করণ, যেখানে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, এমনকি ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ আসে। সব সংস্করণে সেই সুযোগ থাকে না।”

“পাঁচ দিন ধরে কঠোর পরিশ্রমের পর যখন ফল মেলে… একটি টেস্ট জয়ের চেয়ে তৃপ্তির কিছু নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা ৫০ ওভারের খেলা, চূড়ান্ত খুশি মেলে আসলে টেস্ট ক্রিকেটেই।”

ভারতের পরের টেস্ট জুনে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচ অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।