১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অন্তত এক মাসের জন্য’ ছিটকে গেলেন স্যান্টনার

নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের কাঁধে ‘গ্রেড থ্রি’ চোট ধরা পড়েছে।

‘অন্তত এক মাসের জন্য’ ছিটকে গেলেন স্যান্টনার
মিচেল স্যান্টনার। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 04:23 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

কাঁধের চোটে আইপিএল থেকে ছিটকে পড়া মিচেল স্যান্টনারকে লম্বা একটা সময় মাঠের বাইরে থাকতে হবে। সেরে উঠতে অন্তত এক মাস সময় লাগবে নিউ জিল্যান্ডের সাদা বলের অধিনায়কের।

সপ্তাহের শুরুতেই দেশে ফিরে গেছেন ৩৪ বছর বয়সী স্যান্টনার। সেখানে স্ক্যান করানোর পর তার কাঁধে ‘গ্রেড ত্রি’ এসিএল চোট ধরা পড়েছে। নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বলেছে, “শুক্রবার সকালে একজন বিশেষজ্ঞ তাকে পর্যবেক্ষণ করার পর কমপক্ষে এক মাস বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যে থাকতে বলেছেন।”

গত ২৩ এপ্রিল ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সীমানার কাছে ক্যাচ ধরতে গিয়ে ওই চোট পান মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার স্যান্টনার। আসরে চার ম্যাচ খেলে ওভারপ্রতি ৮.৯২ করে রান দিয়ে তিনি উইকেট শিকার করেন ৫টি।

আইপিএল চুক্তির কারণে নিউ জিল্যান্ড দলের বাংলাদেশ সফরে খেলছেন না স্যান্টনার। এবার ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ছিটকে গেলেন তিনি।

২০২৫ আইপিএলের আগে ২ কোটি রুপিতে স্যান্টনারকে দলে টানে মুম্বাই। এবারের মৌসুমের জন্য তাকে ধরে রাখে তারা। গত আইপিএল ১৩ ম্যাচ খেলে ১০ উইকেট নেন ওভারপ্রতি ৭.৯২ রান দিয়ে।

স্যান্টনারের বদলি হিসেবে কেশাভ মহারাজকে দলে যোগ করেছে মুম্বাই। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টি-টোয়েন্টি খেলা মহারাজ আইপিএলে আগে কেবল দুটি ম্যাচ খেলেছেন- ২০২৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। তবে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় তার অভিজ্ঞতা দারুণ। বিশ ওভারের ক্রিকেটে সব মিলিয়ে ২০৮ ইনিংসে ওভারপ্রতি ৭.১২ করে রান দিয়ে ১৯১ উইকেট নিয়েছেন তিনি।

এবারের আইপিএলটা বেশ বাজে কাটছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের। ৮ ম্যাচে কেবল দুটি জিততে পেরেছে তারা। ১০ দলের টুর্নামেন্টে আছে নবম স্থানে।