Published : 16 Sep 2025, 01:36 PM
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে সৌরভ গাঙ্গুলির আগ্রহ টিকে ছিল স্রেফ ১৫ ওভারই। এরপরই টিভির রিমোটে চাপ দিয়ে তিনি চলে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াইয়ে। সাবেক ভারতীয় অধিনায়কের মতে, পাকিস্তান দল এখন আর ভারতের ধারেকাছেও নেই, এই লড়াইয়ে নেই কোনো প্রতিদ্বন্দ্বিতা।
এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে রোববার পাকিস্তানকে অনায়াসেই ৭ উইকেটে হারায় ভারত। এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১৪ ম্যাচের ১১টিতেই জিতল ভারতীয়রা। সবশেষ পাঁচ ম্যাচে তাদের জয় চারটিতেই।
ওয়ানডে লড়াইয়ের ইতিহাসের এখনও এগিয়ে পাকিস্তান। তাদের ৭৩ জয়ের বিপরীতে ভারতের জয় ৫৮টি। তবে সাম্প্রতিক বছরগুলোয় ভারতের দাপট একতরফা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সবশেষ জয়ের স্বাদ পেয়েছিল পাকিস্তান। এরপর গত আট বছরে নিষ্পত্তি হওয়া ছয়টি ম্যাচেই জিতেছে ভারত এবং প্রতিটি ম্যাচই ছিল একতরফা।
কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ বললেন, অতীতের কারণেই এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে এত আলোচনা হয়। এখন দুই দলের মধ্যে তিনি দেখেন বিশাল ফারাক।
“ভারত ও পাকিস্তানের লড়াইয়ে এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি সবসময় বলি, আমরা এখনও পাকিস্তানকে বিচার করি সেই ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদ, সাঈদ আনোয়ারদের দিয়ে কিন্তু এখন পাকিস্তানের সেই অবস্থা নেই। এখন তো পুরোপুরি উল্টো। এখন পাকিস্তান কোনো তুলনাতেই আসে না (ভারতের সঙ্গে)। সম্মান রেখেই বলছি সেটা।”
“কারণ, তাদের আগের দল তো আমি দেখেছি। এখন দুই দলের গুণমানে অনেক পার্থক্য। ভারতীয় দলে এখন ভিরাট কোহলি, রোহিত শার্মা নেই, যারা লম্বা সময় ধরে ছিল ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। ওদেরকে ছাড়াই সহজে জিতেছে ভারত। ভারতীয় দল এখন পাকিস্তান ও এশিয়া কাপের অন্য বেশির ভাগ দল থেকেই অনেক এগিয়ে। হ্যাঁ, দু-একদিন হয়তো এই ভারতীয় দলও হারবে। তবে বেশির ভাগ দিনে তারাই থাকবে সেরা।”
টস জিতে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান যখন ভারতীয় বোলারদের সামনে ধুঁকছিল, তখন এক পর্যায়ে এই খেলা দেখাই বাদ দেন ‘প্রিন্স অব কলকাতা’ নামে খ্যাত সাবেক ক্রিকেটার।
“সত্যি বলতে মাঠে যা দেখেছি, তাতে অবাক হইনি। প্রথম ১৫ ওভারের পর তো এই খেলা বাদ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখতে শুরু করেছি।”
ভারতের সঙ্গে এমনকি আফগানিস্তানের ম্যাচ নিয়েও আগ্রহ আছে সৌরভের। কিন্তু পাকিস্তানের লড়াইয়ের রসদই দেখেন না তিনি।
“আমি বরং ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, এমনকি আফগানিস্তানের লড়াই দেখব। আমার মনে হয় না, ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই বলে কিছু এখন আর আছে। আমরা ফুলিয়ে-ফাঁপিয়ে তুলে ধরি বটে, তবে গত পাঁচ বছরে প্রতিবারই সেটি গুঁড়িয়ে গেছে। এটা এখন একতরফা লড়াই।”
ভারতীয় বোর্ডের সাবেক প্রধান সৌরভ ক্রিকেট প্রশাসনে আবার প্রবল প্রতাপে ফিরছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান হয়ে।