১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান টি-টোয়েন্টি দলে বিপিএলে খেলা ৭ ক্রিকেটার

বিগ ব‍্যাশ লিগে খেলা ছয় ক্রিকেটারের মধ‍্যে চোট কাটিয়ে ফেরা শাদাব খান কেবল আছেন শ্রীলঙ্কা সফরের দলে।

পাকিস্তান টি-টোয়েন্টি দলে বিপিএলে খেলা ৭ ক্রিকেটার
এবারের বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন সাহিবজাদা ফারহান (বাঁয়ে), আর সাইম আইয়ুব (ডানে) প্রতিনিধিত্ব করছেন সিলেট টাইটান্সের। ছবি: পিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

শ্রীলঙ্কা সফরের পাকিস্তান দলে দুটি ফ্র‍্যাঞ্চাইজি লিগের ক্রিকেটারদের নিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সাত জন ক্রিকেটার ডাক পেয়েছেন ১৫ সদস‍্যের দলে। আর বিগ ব‍্যাশ লিগের ছয় ক্রিকেটারের মধ‍্যে আছেন কেবল চোট কাটিয়ে ফেরা শাদাব খান।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের সিরিজে তারকা খেলোয়াড়দের বেশ কয়েকজনকে পাচ্ছে না পাকিস্তান। এবারের বিগ ব‍্যাশ লিগে খেলা শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও হাসান আলির কাউকে রাখা হয়নি দলে। 

অন্যদিকে, বিপিএলে খেলা সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, সালমান আলি মির্জা, উসমান খান, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান ও খাওয়াজা নাফে ডাক পেয়েছেন দলে। জানুয়ারির তিন ম‍্যাচের ওই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন নাফে। দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। 

লেগ স্পিন অলরাউন্ডার শাদাব পাকিস্তানের হয়ে সবশেষ খেলেন গত জুনে, দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে। ৩-০ ব‍্যবধানে জেতা ওই সিরিজে চার উইকেট নেন শাদাব, করেন ৫৫ রান। 

পরে ডান কাঁধের সমস‍্যা থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করান শাদাব। পুনর্বাসন শেষে গত ১৬ ডিসেম্বর মাঠে ফেরেন তিনি, বিগ ব‍্যাশ দিয়ে। সিডনি থান্ডারের হয়ে তিন ম‍্যাচে নিয়েছেন ৬ উইকেট, দুই ইনিংসে করেছেন ৭৫ রান।

ঢাকা ক‍্যাপিটালস হারাচ্ছে সালমান মির্জা ও উসমানকে। রাজশাহী ওয়ারিয়র্স ছাড়ছেন নাওয়াজ ও সাহিবজাদা। রংপুর রাইডার্স থেকে ফিরে যাবেন আশরাফ ও নাফে। সিলেট টাইটান্স হারাচ্ছেন সাইমকে। 

আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় হবে টি-টোয়েন্টি তিনটি। 

পাকিস্তান টি-টোয়েন্টি দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাখার জামান, খাওয়াজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান (উইকেটরক্ষক), উসমান তারিক