Published : 24 Jul 2026, 09:56 PM
আগের ম্যাচের ব্যর্থতা পেছনে ফেলে জ্বলে উঠলেন পারভেজ হোসেন। উপহার দিলেন দারুণ ইনিংস। তার সৌজন্যে লড়ার মতো পুঁজি গড়ল লাহোর কালান্দার্স।
গ্লোবাল সুপার লিগে শুক্রবার ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪৭ রান করেন পারভেজ। তার ৩৩ বলের অপরাজিত ইনিংসটি গড়া তিনটি করে ছক্কা ও চারে।
আসরের উদ্বোধনী ম্যাচে পার্থ স্কর্চার্স একাদশের বিপক্ষে ৯ বলে ৩ রান করেছিলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা দলের সপ্তম ওভারে ক্রিজে যান পারভেজ। প্রথম ৪ বলে ২ রান করেন তিনি। দশম ওভারে শাদাব খানকে চার মেরে পান প্রথম বাউন্ডারির দেখা। পরের ওভারে ভাইটেল লজকে মারেন আরেকটি।
দ্বাদশ ওভারে পাকিস্তানি লেগ স্পিনার শাদাবকে স্লগ সুইপে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কায় ওড়ান পারভেজ। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি রিস্ট স্পিনার লজের দুই ওভারে দুটি ছক্কা হাঁকান তিনি, একটি লং লফ দিয়ে এবং অন্যটি ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে।
২৪ বলে ৪০ রান করা পারভেজ শেষ দিকে আর বাউন্ডারি মারতে পারেননি। ওই সময়ে ঝড় তোলেন মাইকেল ব্রেসওয়েল। তিনটি ছক্কা ও চারটি চারে ২৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি।
তাদের নৈপুণ্যে ২০ ওভারে ১৭৬ রান করে লাহোর।