Published : 14 Jul 2026, 10:48 PM
অধিনায়কত্বের অভিষেক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে লড়াই করেছে তাওহিদ হৃদয়। কিন্তু মুখ থুবড়ে পড়েছে তার দল। এবার দলকেও তিনি শামিল দেখতে চান নিজের লড়াইয়ে। জিম্বাবুয়ের বিপক্ষেও অধিনায়কত্বের সুযোগ পেয়ে গেছেন তিনি। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বের দায়িত্বের সঙ্গে দলকে জেতানোর কাজটাও ঠিকঠাক করতে চান।
লিটন কুমার দাসের চোটে গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দিয়েছিলেন হৃদয়। নিয়মিত অধিনায়কের ছুটি পাওয়ায় জিম্বাবুয়েতেও দলের ভার পড়েছে তার ওপর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচে ৮ রানে ফিরলেও পরের দুই ম্যাচে করেছিলেন ৩৫ ও অপরাজিত ৬১। দলের তা খুব একটা কাজে লাগেনি। হারতে হয়েছে ৩-০ ব্যবধানে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগের তিন ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, এবার দলীয় সাফল্যে রাঙাতে চান নিজেকে।
“অবশ্যই লক্ষ্য থাকবে দলকে জেতানো। দলকে আমার দিক থেকে যতটুকু পারব, সার্ভ করার চেষ্টা করব।”
“অবশ্যই, এটা (অধিনায়কত্ব) গর্বের বিষয়, গর্বের ব্যাপার দলকে সার্ভ করা। একই সঙ্গে দিনশেষে ফলাফলটাও বেশি জরুরি। দল হিসেবে আমরা চাই, যেন আমরা জিততে পারি।”
সিরিজ জয়ের কথা অবশ্য এখনই সরাসরি বলছেন না হৃদয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান সামনে।
“অবশ্যই, এটার (সিরিজ জয়) একটা প্রসেস আছে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই সবচেয়ে ভালো অপশন হবে। আগামীকাল (বুধবার) যে ম্যাচটা আছে, এখানে ফোকাস করতে চাই। সেই নির্দিষ্ট দিনে যদি ভালো করতে পারি…।”
“কন্ডিশনে অবশ্যই অনেক পার্থক্য আছে। আবহাওয়া এই মুহূর্তে ঠান্ডা চলছে। উইকেট একটু ভিন্ন এবং প্রতিপক্ষ- সবকিছু মিলেই ভিন্ন ধরনের কন্ডিশন। তবে, পেশাদার খেলোয়াড় হিসেবে মানিয়ে নেওয়াটা জরুরি।”
এই সিরিজের আগে বাংলাদেশের আত্মবিশ্বাসে থাকতে পারে খানিকটা ঘাটতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর জিম্বাবুয়েতে গিয়ে তারা একমাত্র টেস্ট হেরেছে বাজেভাবে, ওয়ানডে সিরিজে হেরেছে ২-১ ব্যবধানে। অধিনায়ক অবশ্য এসব মাথায় না রেখে আগের সময়টা ধারাবাহিকতা থেকে প্রেরণা খুঁজছেন।
“ঘরের মাঠে জিম্বাবুয়ে শক্তিশালী দল। কিছু চ্যালেঞ্জ থাকবেই। কিন্তু আমরা আমাদের শক্তির জায়গা জানি। আশা করি, ভুল শুধরে ঘুরে দাঁড়াতে পারব।”
“গত কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অবশ্যই ভালো ফল পাব। মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করব।”
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ শুক্রবার ও রোববার।