১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাবরের খেলা নিয়ে সিদ্ধান্ত টেস্ট শুরুর দিন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান অধিনায়কের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।

বাবরের খেলা নিয়ে সিদ্ধান্ত টেস্ট শুরুর দিন
বাবর আজম। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 10:18 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়ার পর অনুশীলনে ফিরেছেন বাবর আজম। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা নিয়ে সংশয় কাটেনি। পাকিস্তানের পেসার মোহাম্মাদ আব্বাস জানিয়েছেন, অধিনায়কের খেলার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বেকেনহ্যামে গত শুক্রবার প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান বাবর। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের লাফিয়ে ওঠা ডেলিভারি বাবরের ডান হাতে আঘাত করে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও একই হাতে চোট পেয়েছিলেন তিনি।

হাতে বল লাগার পর বাবরকে ব্যথায় কাতরাতে দেখা যায়। এরপর তিনি মাঠ ছেড়ে যান এবং ম্যাচের বাকি অংশে আর খেলেননি।

তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে বলা হয়, “দলের চিকিৎসকের মূল্যায়নের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাবরকে অনুশীলন ম্যাচের বাকি অংশে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সোমবার, ১৭ আগস্ট, হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান দলের অনুশীলনে অংশ নেবেন বাবর।”

তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর দুই দিন আগে, রোববার পাকিস্তান দল লিডসে পৌঁছায় এবং সোমবার প্রথমবারের মতো হেডিংলিতে অনুশীলন করে। বাবর নেটে অল্প সময়ের জন্য ব্যাটিং করেন। যদিও তার মধ্যে অস্বস্তির কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায়নি, নেটে তার অনুশীলন পর্বটি ছিল অল্প সময়ের। 

সংবাদ সম্মেলনে আব্বাস বলেন, বাবরের ব্যাপারে মেডিকেল প্যানেল ও নির্বাচক কমিটি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। 

“সে খেলবে কি না, সেই সিদ্ধান্ত ম্যাচের দিন নেওয়া হবে। আজ সে কয়েকটি থ্রোডাউন এবং কিছুটা ব্যাটিং অনুশীলন করেছে। কিন্তু এ ব্যাপারে আমাদের চিকিৎসকের পরামর্শই মেনে চলতে হবে।”

আগামী বুধবার শুরু হবে প্রথম টেস্ট।