২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আগারকারের নির্বাচক কমিটিকে দশে ১০ দিলেন হারভাজান

শুবমান গিলের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন সুনিল গাভাস্কার।

আগারকারের নির্বাচক কমিটিকে দশে ১০ দিলেন হারভাজান
সুনিল গাভাস্কার ও হারভাজান সিং।ছবি: হারভাজান সিং এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 05:55 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

টি-টোয়েন্টি শিরোপা ধরে রাখার লক্ষ‍্যে দেওয়া দল মনে ধরেছে হারভাজান সিংয়ের। আজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে দশে ১০ দিলেন ভারতের এই সাবেক অফ স্পিনার। তবে শুবমান গিলকে বাদ দেওয়ায় প্রশ্ন তুলেছেন ভারতের ব‍্যাটিং গ্রেট সুনিল গাভাস্কার।   

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন‍্য সবার আগে শনিবার ১৫ সদস‍্যের দল ঘোষণা করে ভারত। বাদ পড়েন তারকা ব‍্যাটসম‍্যান শুবমানগিল ও উইকেটরক্ষক জিতেশ শার্মা। দলে ফিরেছেন ইশান কিষান ও রিঙ্কু সিং।

দল ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস জানালেন হারভাজান। 

“আগারকার ও নির্বাচকদের আমি দশে ১০ দেব। গিলের জন‍্য এটা পথের শেষ নয়। এটা এমন এক পরিস্থিতি যেখানে কম্বিনেশনকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।”

“রিঙ্কু সিং দলে থাকায় এবং ইশান কিষাণ দলে ফেরায় আমি খুব খুশি। তারা ছন্দে আছে। যখন সাত বা আটে কাউকে প্রয়োজন তখন আপনি জিতেশ শার্মাকে দলে নিতে পারবেন না।”

হারভাজানের মতো টি-টোয়েন্টিতে এখানেই গিলের পথের শেষ দেখছেন না গাভাস্কারও। তবে ২৬ বছর বয়সী ব‍্যাটসম‍্যানের বাদ পড়া মানতেও পারছেন না ভারতের সাবেক এই অধিনায়ক। 

“শুবমান গিলের বাদ পড়া একটি চমক। সে মানসম্পন্ন একজন খেলোয়াড়।  আমি জানি, শেষ দিকের কিছু ম‍্যাচে সে ভুগেছে কিন্তু সবসময়ই মানই শেষ কথা বলে।  সে দীর্ঘ দিন পর এসেছিল এবং ছন্দে ছিল না। তাকে আমরা আইপিএলে দেখেছি, সে খুবই ভালো। তাই রানে না থাকাটা হয়তো তার বিপক্ষে গেছে।”

“আশা করি, শুবমান এটা ভালোভাবেই নেবে। তার জন‍্য শুভকামনা থাকল।”