১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজের দারুণ বোলিং, বড় জয়ে পিএসএল শুরু কালান্দার্সের

লাহোর কালান্দার্সের হয়ে পারভেজ হোসেন ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও, আঁটসাঁট বোলিংয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।

মুস্তাফিজের দারুণ বোলিং, বড় জয়ে পিএসএল শুরু কালান্দার্সের
মুস্তাফিজুর রহমান। ছবি: লাহোর কালান্দার্স ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 12:32 AM

Updated : 26 Aug 2026, 03:15 PM

ম্যাচের প্রথম ভাগে ব্যাট হাতে তেমন কিছু করতে পারলেন না পারভেজ হোসেন। পরে বোলিংয়ে আলো ছড়ালেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের দুই ক্রিকেটারের দুই রকম অভিজ্ঞতার দিনে বিশাল জয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল তাদের দল লাহোর কালান্দার্স।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরের উদ্বোধনী ম্যাচে নবাগত হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে শিরোপাধারীদের জয় ৬৯ রানে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাখার জামানের ফিফটি (৫৩) ও কয়েকটি ক্যামিও ইনিংসে ১৯৯ রানের পুঁজি গড়ে শাহিন শাহ আফ্রিদির দল। জবাবে কিংসমেন শেষ বলে অলআউট হয় ১৩০ রানে।

আঁটসাঁট বোলিংয়ে চার ওভারে ১৯ রানে একটি উইকেট নেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার ‘ডট’ বল খেলান ৯টি, হজম করেননি কোনো বাউন্ডারি। 

পিএসএল অভিষেকে পারভেজ একটি ছক্কায় ১৩ বলে করেন ১৪ রান।

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং পান মুস্তাফিজ। তার আগেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে কিংসমেন। ওই ওভারে একটি ওয়াইডসহ মুস্তাফিজ দেন কেবল চার রান। স্লোয়ার, কাটারের মিশেলে বেঁধে রাখেন দুই ব্যাটসম্যান মার্নাস লাবুশেন ও কুসাল পেরেরাকে।

মুস্তাফিজের পরের ওভারে প্রথম পাঁচ বলে আসে পাঁচটি সিঙ্গল। শেষ বলে স্লোয়ারে লং-অনে ধরা পড়েন ইরফান খান। 

১০৭ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় কিংসমেন। অষ্টাদশ ওভারে বোলিংয়ে ফেরানো হয় মুস্তাফিজকে। এই ওভারে তিনি দেন তিনটি সিঙ্গল।

ইনিংসের শেষ ওভারে ৭ রান দেন মুস্তাফিজ। শেষ বলে রান আউট হন মোহাম্মাদ আলি। 

অধিনায়ক লাবুশেনের ২৬ ছাড়া কিংসমেনের আর কেউ ২০ ছাড়াতে পারেননি।

কালান্দার্সের হয়ে দুটি করে উইকেট নেন উবাইদ শাহ, হারিস রউফ ও সিকান্দার রাজা। ম্যাচ-সেরার স্বীকৃতি পান ফাখার।