১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেষ ম্যাচে বড় পরাজয়ে সিরিজ হার বাংলাদেশের

কুসাল মেন্ডিসের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার সিরিজ জয়, রান তাড়ায় ৪০ ওভারও ব্যাট করতে পারেনি বাংলাদেশ।

শেষ ম্যাচে বড় পরাজয়ে সিরিজ হার বাংলাদেশের
শূন্য রানে বোল্ড হলেন নাজমুল হোসেন শান্ত। ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 10:39 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে মঙ্গলবার ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা। ১৮ চার ১১৪ বলে ১২৪ রানের ইনিংস খেলেন কুসাল মেন্ডিস। বাংলাদেশ ৩৯.৪ ওভারেই গুটিয়ে যায় রানে ১৮৬ রানে। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শুরুতে হারায় ওপেনার নিশান মাদুশকাকে (১)। দ্বিতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন পাথুম নিসাঙ্কা ও কুসাল মেন্ডিস। ৩৫ করে বিদায় নেন নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস ফেরেন ১৬ রানে।

চতুর্থ উইকেটে কুসাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা গড়েন ১২৪ রানের জুটি। ৬৮ বলে ৫৮ রান করে থামেন আসালাঙ্কা।

এরপর আর তেমন জুটি গড়ে ওঠেনি। শ্রীলঙ্কাকে এগিয়ে নেন মূলত কুসাল মেন্ডিস। ৫৮ বলে ফিফটি করা ব্যাটসম্যান পরের পঞ্চাশ করেন ৩৭ বলে। 

৪৬তম ওভারে থামে তার ইনিংস। নিয়মিত উইকেট নিয়ে রানের গতিতে রাশ টেনে ধরে বাংলাদেশ। শেষ ১০ ওভারে লঙ্কানরা তোলে কেবল ৬৩ রান।

বাংলাদেশের রান তাড়ায় প্রথম চার ওভারের মধ্যে বিদায় নেন তানজিদ হাসান (১৩ বলে ১৭) ও নাজমুল হোসেন শান্ত (০)। অস্বস্তিতে ১৩ ওভার টিকে থেকে ওপেনার পারভেজ হোসেন (৪৪ বলে ২৮) বিদায় নেন ছক্কার চেষ্টায়।

ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি উপহার দেন কুসাল মেন্ডিস। ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট।

ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি উপহার দেন কুসাল মেন্ডিস

মেহেদী হাসান মিরাজ (২৫ বলে ২৮) ইতিবাচক শুরুর পর উইকেট বিলিয়ে ফেরেন। টিকতে পারেননি শামীম হোসেনও (১২)।

দীর্ঘক্ষণ এক প্রান্তে টিকে থেকে ফিফটি করা তাওহিদ হৃদয়কে (৭৮ বলে ৫১) বোল্ড করে দেন দুশমান্থা চামিরা। এরপর কেবল কিছুটা লড়াই করেন জাকের আলি (২৭)।

দুই দল এখন খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ পাল্লেকেলেতেই বৃহস্পতিবার। 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৫/৭ (নিসাঙ্কা ৩৫,মাদুশকা ১,কুসাল মেন্ডিস ১২৪,কামিন্দু মেন্ডিস ১৬,আসালাঙ্কা ৫৮,লিয়ানাগে ১২,ওয়েলালাগে ৬,হাসারাঙ্গা ১৮*,চামিরা ১০;তাসকিন ১০-০-৫১-২,তানজিম ৬-০-৪১-১,তানভির ১০-০-৬১-১,মুস্তাফিজ ১০-০-৫২-০,মিরাজ ১০-০-৪৮-২,শামীম ৪-০-৩০-১)।

বাংলাদেশ: ৩৯.৪ ওভারে ১৮৬ (পারভেজ ২৮, তানজিদ ১৭, শান্ত ০, হৃদয় ৫১, মিরাজ ২৮, শামীম ১২, জাকের ২৭, তানজিম ৫, তাসকিন ১, তানভির ৮, মুস্তাফিজ ০*; আসিথা ৭-০-৩৩-৩, চামিরা ৮-১-৫১-৩, থিকশানা ৬-১-১৮-০, ওয়েলালাগে ৮-০-৩৩-২, হাসারাঙ্গা ৮.৪-১-৩৫-২, কামিন্দু ২-০-১৪-০)

ফল: শ্রীলঙ্কা  ৯৯ রানে জয়ী। 

সিরিজ:  তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জয়ী। 

ম্যান অব দা ম্যাচ: কুসাল মেন্ডিস।

ম্যান অব দা সিরিজ: কুসাল মেন্ডিস।