Published : 02 May 2026, 03:36 PM
ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে ক্রিজ ছেড়ে বেরিয়ে ইনসাইড আউট শট খেলার চেষ্টা করলেন সাইফ হাসান। কিন্তু টাইমিং হলো না ঠিকঠাক। দুজন ফিল্ডার ছুটলেন বলের পেছনে। উল্টো দিক ঘুরে বলটি মুঠোয় জমালেন টিম রবিনসন। বোলার জেডেন লেনক্সকে ঘিরে তখন উল্লাসে মেতে উঠেছেন সতীর্থরা। নিউ জিল্যান্ডের এই বাঁহাতি স্পিনারের নাম তখন লেখা হয়ে গেছে রেকর্ড বইয়ে।
ম্যাচের আগে টি-টোয়েন্টি ক্যাপ পেয়েছেন লেনক্স। অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তিনি প্রথম বলেই উইকেট নিয়ে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে শনিবার এই সাফল্যের দেখা পান ৩১ বছর বয়সী এই স্পিনার। নিউ জিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে প্রথম বলে উইকেটের স্বাদ পেলেন তিনি।
মজার ব্যাপার হলো, লেনক্সের আগে যে দুজন কিউই বোলার এই কীর্তির ছোঁয়া পেয়েছিলেন, দুবারই প্রতিপক্ষ ছিল বাংলাদেশ!
২০১৭ সালে নেপিয়ারে সাব্বির রহমানকে আউট করেছিলেন ফাস্ট বোলার লকি ফার্গুসন। ২০২১ সালে মিরপুরে মোহাম্মদ নাঈম শেখকে বিদায় করেছিলেন অফ স্পিনার কোল ম্যাককননি।
বাংলাদেশের হয়ে কেবল একজনই এই সাফল্যে নিজেকে রাঙিয়ে শুরু করতে পেরেছেন ক্যারিয়ার। ২০১৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের ব্রেন্ডান টেইলরকে আউট করেছিলেন তাইজুল ইসলাম। তাই ক্যারিয়ার থমকে আছে কেবল দুটি ম্যাচেই। প্রথম বলের উইকেটই এই সংস্করণে তার একমাত্র শিকার।
লেনক্সকে নিয়ে মোট ২৯ বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করলেন প্রথম বলেই উইকেট নিয়ে। যেটির সূচনা করেছিলেন মাইকেল ক্যাসপ্রোভিচ। ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই প্রথম বলে উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই পেসার।
শেষ নয় সেখানেই। প্রথম বলে নিউ জিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে বোল্ড করার পর দ্বিতীয় বলে ম্যাথু সিনক্লেয়ারকে আউট করেছিলেন ক্যাসপ্রোভিচ।
ক্যারিয়ারের প্রথম দুই বলেই উইকেট নিতে পেরেছেন আর কেবল ফার্গুসন। প্রথম বলে সাব্বিরকে ফেরানোর পর তার দ্বিতীয় শিকার ছিলেন সৌম্য সরকার।
অল্পের জন্য এই তালিকায় নাম তুলতে পারেননি উইলি গাভেরা। পাপুয়া নিউ গিনির এই পেসার ২০১৫ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে উইকেট নিয়েছিলেন প্রথম ও তৃতীয় বলে।
তালিকায় সবচেয়ে চমকপ্রদ নামটি নিঃসন্দেহে ভিরাট কোহলি। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন এই বোলিং কীর্তি গড়েছেন বেশ চমকপ্রদভাবে। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে তার বলে স্টাম্পড হয়েছিলেন কেভিন পিটারসেন। তবে বলটি ছিল ওয়াইড। তাই কোনো বৈধ ডেলিভারি হওয়ার আগেই উইকেট পেয়ে গেছেন ভারতীয় গ্রেট!
প্রথম বলে উইকেট শিকারিদের তালিকায় আছেন বাংলাদেশের এখনকার বোলিং কোচ শন টেইটও।