Published : 06 Jul 2026, 07:56 AM
জিম্বাবুয়েতে নিয়মিতই সফর করে বাংলাদেশ। কন্ডিশন তাই তেমন অচেনা নয়। তবে বিশ্বকাপের বাকি যখন আর মাত্র বছর দেড়েক, তখন সেই কন্ডিশনে খেলতে পারা মানে নিজেদের নানাভাবে পরখ করার সুযোগ। মেহেদী হাসান মিরাজ কাজে লাগাতে চান সেই সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে বিশ্বকাপের রসদ সঞ্চয় করতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
সেই অভিযানের শুরু সোমবার। হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
ওয়ানডে বিশ্বকাপের পরের আসর হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে। এই সিরিজ শুরুর আগে মিরাজ বললেন, বিশ্ব আসরকে মনের কোণে রেখেই মাঠে নামবেন তার।
“আমাদের জন্য একটা বড় সুযোগ, যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে। এখানে তিন ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। প্রত্যেকটা খেলোয়াড় কন্ডিশন সম্পর্কে বুঝতে পারবে। যদি শতভাগ দিতে পারি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় সুযোগ থাকবে।
প্রত্যেকটা ব্যাটসম্যান ও বোলারের জন্য বড় সুযোগ এবং সেই সুবিধাটা নিচ্ছি। দায়িত্বও নিচ্ছি। কন্ডিশন সম্পর্কে এবং কীভাবে দ্রুত মানিয়ে নিতে হবে, তা প্রত্যেকটা ব্যাটসম্যান ভালোভাবে জানে। বোলারদের কথা বললে, এখন আমাদের দারুণ একটা বোলিং ইউনিট আছে। শেষ কয়েকটি সিরিজে আমরা ভালো করেছি এবং দারুণ ছন্দে আছি।”
টানা চার সিরিজ জয়ের আত্মবিশ্বাসে ওয়ানডে সিরিজ শুরু করার অপেক্ষায় থাকায় বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হয়েছে একমাত্র টেস্টে হার দিয়ে। টানা চার টেস্টে জয়ী দল ওই ম্যাচে হেরে যায় ইনিংস ও ৮৫ রানে।
তবে ভিন্ন সংস্করণে দলকে ভিন্ন রূপে দেখা যাবে বলেই আশা অধিনায়কের।
“আমরা টেস্টে ভালো খেলিনি। মাঝেমধ্যে এমন হতে পারে, আমরা সেরাটা চেষ্টা করেছি। এখন ওয়ানডে, নতুন সংস্করণ, ভিন্ন সংস্করণ, আমাদের লক্ষ্যে আমরা মনযোগী। আসলে, ম্যাচটা পেছনে ফেলে এসেছি। টেস্টে মাঝেমধ্যে এমন হতে পারে।
সবশেষ চার ম্যাচে, আমাদের কন্ডিশনে আমরা ভালো খেলেছি। এই কন্ডিশনের কিছুটা চ্যালেঞ্জ ছিল। তারা (জিম্বাবুয়ে) নিজেদের কন্ডিশনে খুবই ভালো দল। এখন ওয়ানডে, নতুন সংস্করণ, ঘরের মাঠে শেষ কয়েকটি ভালো খেলেছি। মনে হয় কিছুটা চ্যালেঞ্জ থাকবে, জিম্বাবুয়ে সবশেষ কয়েকটি সিরিজে ভালো খেলেছে। ইতিবাচকভাবে চিন্তা করি এবং যদি ভালো খেলি, অবশ্যই চ্যালেঞ্জ নিতে পারব।”
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিংয়ে সম্প্রতি নিয়মিতই খবরের শিরোনাম হচ্ছেন নাহিদ রানা। ১৩ ওয়ানডেতে দুইবার পাঁচ উইকেটসহ ২৫ উইকেট শিকার করা এই পেসারকে নিয়ে প্রায় প্রতি সংবাদ সম্মেলনেই থাকে কোনো না প্রশ্ন। জিম্বাবুয়েতেও ব্যতিক্রম হয়নি। অধিনায়কও শোনালেন গতি তারকাকে নিয়ে তার রোমাঞ্চের কথা।
“রানা আমাদের জন্য দারুণ বোলার। শেষ কয়েকটি সিরিজে যেভাবে বল করেছে, এটা দারুণ ছিল। আমাদের দলে দারুণ একটা ছন্দ এনে দিয়েছে।”