আইসিসি র্যাঙ্কিং
Published : 18 Dec 2024, 04:06 PM
নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থতার মাশুল গুনতে হলো হ্যারি ব্রুককে। এই সংস্করণে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান। সপ্তাহ ঘুরতেই তাকে সরিয়ে সিংহাসন পুনরুদ্ধার করলেন ইংলিশ তারকা জো রুট।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ব্রুকের (৮৭৬) চেয়ে ১৯ রেটিং পয়েন্টে এগিয়ে গেছেন রুট (৮৯৫)।
ওয়েলিংটন টেস্টে দুই ইনিংসে ১২৩ ও ৫৫ রান করে রুটের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে গত সপ্তাহে চূড়ায় উঠেছিলেন ব্রুক। কিন্তু সেডন পার্কে একেবারেই নিষ্প্রভ ছিলেন তিনি। প্রথম ইনিংসে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া ডানহাতি ব্যাটসম্যান দ্বিতীয়ভাগে করতে পারেন কেবল ১ রান।
কিউইদের বিপক্ষে ৪২৩ রানের বিশাল পরাজয়ের ম্যাচে প্রথম ইনিংসে ৩২ রান করেন রুট। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫৪ রান। তাতে এক সপ্তাহ পরই শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি।
ওই ম্যাচের দুই ইনিংসে ৪৪ ও ১৫৬ রান করেন কেন উইলিয়ামসন। তাতে রেটিং পয়েন্ট বেড়েছে তিনে থাকা নিউ জিল্যান্ডের তারকা ব্যাটসম্যানের (৮৬৭)। রুটের সঙ্গে তার পয়েন্টের পার্থক্য কেবল ২৮।
হ্যামিল্টনে ফিফটি করে ৬ ধাপ এগিয়ে এখন ৩১তম স্থানে কিউই অধিনায়ক টম ল্যাথাম। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে উইল ইয়াংয়ের উন্নতি ১৩ ধাপ, অবস্থান ৩৬তম।
ভারতের বিপক্ষে ব্রিজবেনে সেঞ্চুরি করা ট্রাভিস হেড আগের মতোই পঞ্চম স্থানে। তার ওপরে ভারতের ইয়াশাসভি জয়সওয়াল।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে ভারতের জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার পথে ম্যাচে ৬ উইকেট নেওয়া কিউই পেসার ম্যাট হেনরি দুই ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে। তার সতীর্থ উইল ও’রোকের অগ্রগতি ১৪ ধাপ, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফের সঙ্গে যৌথভাবে আছেন ৩০ নম্বরে। ৬ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে মিচেল স্যান্টনার।
ম্যাচে ৫ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে ইংলিশ পেসার ম্যাথু পটস। ৪টি শিকার ধরা গাস অ্যাটকিনসনের উন্নতি ৩ ধাপ, আছেন ১৪তম স্থানে।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের রাভিন্দ্রা জাদেজা।