আইপিএল
Published : 18 Mar 2026, 06:06 PM
চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি প্যাট কামিন্স। তাই, আইপিএলের শুরুতে তার অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্বে দেবেন ইশান কিষান।
কামিন্সের সেরে ওঠা পর্যন্ত, কিষানের কাঁধে নেতৃত্বভার দেওয়ার কথা বুধবার জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই সময়ে ভারতীয় কিপার-ব্যাটসম্যানের ডেপুটি হিসেবে থাকবেন আভিশেক শার্মা।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে পিঠের নিচের অংশের চোটে ভুগছেন কামিন্স। যে কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার। এবারের বৈশ্বিক আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ২০২১ আসরের চ্যাম্পিয়নরা।
সেই চোটের কারণেই কামিন্সকে কয়েকটি ম্যাচে পাবে না হায়দরাবাদ। তবে কয়টি ম্যাচে খেলতে পারবেন না তিনি, সেটা স্পষ্ট নয়।
কামিন্সের নেতৃত্বে ২০২৪ আইপিএলে ফাইনাল খেলেছিল হায়দরাবাদ, আর গত আসরে ষষ্ঠ হয়েছিল দলটি।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কিষানকে ২০২৫ আসরের আগে নিলাম থেকে দলে নেয় হায়দরাবাদ। গত আসরে ১৪ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৩৫৪ রান করেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে কিষানের। এছাড়া ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন তিনি।
আগামী ২৮ মার্চ শুরু হবে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে হায়দরাবাদ।