১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৩ ছক্কায় ওয়েনের বিধ্বংসী ১৫৫, বিফলে পোলার্ডের সেঞ্চুরি

উইকেট নিয়ে স্টিভেন স্মিথের ধারণাকে ভুল প্রমাণ করে ৬৮ বলে ১৫৫ রানের ইনিংস উপহার দিলেন মিচেল ওয়েন, ৩৯ বছর বয়সে সেঞ্চুরি করলেন কাইরন পোলার্ডও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 11:24 AM

Updated : 11 Sep 2026, 03:27 PM

টস জিতে ওয়াশিংটন ফ্রিডমের অধিনায়ক স্টিভেন স্মিথ বললেন, “উইকেট একটু মন্থর মনে হচ্ছে, আমাদেরকে দ্রুত মানিয়ে নিতে হবে এবং ভালো স্কোর গড়তে হবে।” কিন্তু আধঘণ্টা পর ইনিংস শুরু করতে নেমে তিনি দেখলেন উল্টো চিত্র। তার সঙ্গী মিচেল ওয়েন প্রথম ওভার থেকেই শুরু করলেন ধুন্ধুমার ব্যাটিং। চার-ছক্কার স্রোতে ব্যাটিং তাণ্ডবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উপহার দিলেন রেকর্ড গড়া পারফরম্যান্স। 

১১ চার ও ১৩ ছক্কায় ৬৮ বলে ১৫৫। মেজর লিগ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ওয়েন। তার দলও পেল বিশাল স্কোর। রান তাড়ায় এমআই নিউ ইয়র্কের কাইরন পোলার্ড যেন টাইম মেশিনে ফিরে গেলেন ক্যারিয়ারের সেরা দিনগুলোয়। ৩৯ বছর বয়সী ক্যারিবিয়ান কিংবদন্তির ব্যাট থেকে এলো সেঞ্চুরি। যদিও দলকে জেতাতে পারলেন না তিনি।

মেজর লিগ ক্রিকেটে বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে এমআই নিউ ইয়র্ককে ৩০ রানে হারাল ওয়াশিংটন ফ্রিডম। 

নিউ ইয়র্কের হয়ে এই আসরে খেলবেন সাকিব আল হাসান। দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তবে এই ম্যাচে তিনি ছিলেন না একাদশে।

টস জিতে ব্যাটিংয়ে নামা ফ্রিডমকে উড়ন্ত সূচনা এনে দেন ওয়েন। ম্যাচের প্রথম ওভারেই তিনটি চার মারেন তিনি ট্রেন্ট বোল্টকে।

স্মিথকে নিয়ে পাওয়ার প্লেতে তোলেন তিনি ৭৭ রান। পরের ওভারেই মারেন তিনি চারটি ছক্কা! তার তাণ্ডব চলতে থাকে পরেও। 

উদ্বোধনী জুটিতে আসে ৬১ বলে ১৩৪ রান। সেখানে স্মিথের অবদান মোটে ২১ বলে ২৭। 

২৫ বলে ফিফটি করা ওয়েন পরের পঞ্চাশ করে ফেলেন স্রেফ ১৬ বলেই!

এরপরও না থেমে দেড়শতে পারে রাখেন তিনি ৬১ বলে।

শেষ পর্যন্ত কর্বিন বশকে ফিরতি ক্যাচ দিয়ে থামে তার ইনিংস। ততক্ষণে তিনি পৌঁছে গেছেন রেকর্ডের উচ্চতায়।

মেজর লিগ ক্রিকেটে আগের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল গত আসরে ফিন অ্যালেনের ১৫১।

তৃতীয় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে দেড়শ রানের ইনিংস খেললেন ওয়েন। তার আগে এটি করতে পেরেছেন অ্যারন ফিঞ্চ (দুবার) ও গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েল ছিলেন এই ম্যাচেও। তবে ভালো করতে পারেননি (৯ বলে ৭)। মার্ক চ্যাপম্যান করেন ১২ বলে ২৩।

শেষ দিকে প্রত্যাশিত গতিতে আসেনি রান। শেষ ৬ ওভারে আসে মোটে ৩৬ রান। তার পরও ওয়েনের ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ২৪৫ রান তোলে ফ্রিডম। 

মেজর লিগ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর এটি।

রান তাড়ায় প্রথম ওভারেই কুইন্টন ডি ককসহ দুই ওপেনারকে হারায় নিউ ইয়র্ক। পাওয়ার প্লের মধ্যে বিদায় নেন অধিনায়ক নিকোলাস পুরানসহ চার ব্যাটসম্যান। ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা তখনই।

পোলার্ড পাঁচে নেমে ফিফটি করেন ৩২ বলে। পরে শতরানে পৌঁছান তিনি ৫৬ বলে। 

শেষ ওভারটি শুরু করেন তিনি ৮৭ রান নিয়ে। প্রথম বলে নেন সিঙ্গল। তৃতীয় বল থেকে আসে দুই রান। পরের দুই বলে মারেন বাউন্ডারি। শেষ বলে আবার দুই রান নিয়ে তিনি পূর্ণ করেন শতরান।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। রেকর্ড আছে আরও অনেক। তবে মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারেই বেশির ভাগ সময় ব্যাটিং করায় শতরানের সুযোগ পান কমই। ৭৩৬ ম্যাচের ক্যারিয়ারে তার দ্বিতীয় শতরান এটি। প্রথমটি করেছিলেন ২০১৮ সালে সিপিএলে।

পোলার্ডের সেঞ্চুরির সঙ্গে বশের ১৪ বলে ৩৫ রানের ইনিংসে নিউ ইয়র্ক ২০ ওভারে তোলে ২১৫ রান।