Published : 16 Nov 2025, 10:44 PM
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হারের পর ইডেন গার্ডেন্সের টার্নিং উইকেট ও ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। দেশটির সাবেক অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে, টেস্ট ম্যাচের জন্য আদর্শ উইকেট ছিল না এখানে। প্রধান কোচ গৌতাম গাম্ভিরকে ফাস্ট বোলারদের ওপর আস্থা রাখার পরামর্শ দিলেন তিনি।
কলকাতায় স্পিন সহায়ক উইকেট বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে ফাঁদে ফেলতে চেয়েছিল ভারত। চার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল তারা। প্রোটিয়াদের একাদশে বিশেষজ্ঞ স্পিনার ছিল কেবল দুইজন, তাদেরই একজন সাইমন হার্মার ম্যাচে ৮ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন ভারতের ব্যাটিং।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ভারত করে ১৮৯। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ১৫৩ রানে থামিয়ে, ১২৪ রানের ছোট লক্ষ্য তাড়ায় স্রেফ ৯৩ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। তিন দিনে ৩০ রানের জয় পায় সফরকারীরা।
ম্যাচের পর ভারত কোচ গাম্ভির বলেন, এমন উইকেটই চেয়েছিলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপে উইকেট নিয়ে প্রশ্ন তুললেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ।
“বিতর্কের কোনো জায়গা নেই। টেস্টের জন্য ভালো পিচ ছিল না এটা। দুর্ভাগ্যবশত ভারত হেরে গেছে। তবে, তাদের ১২০ রান করে জেতা উচিত ছিল। গাম্ভির বলেছে যে, তারা এমন পিচই চেয়েছিল এবং তারাই কিউরেটরকে নির্দেশনা দিয়েছিল। হ্যাঁ, এটা সত্যি; নির্দেশনা দেওয়া হয়েছিল। আমি যা বলেছিলাম, তা আবার বলছি। আমি গৌতামকে খুব পছন্দ করি; সে ইংল্যান্ডে, ওয়ানডে, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের জন্য ভালো কাজ করেছে। সে দায়িত্ব চালিয়ে যাবে, তবে আমাদের অবশ্যই ভালো পিচে খেলতে হবে।”
দুই ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে এই ম্যাচে খেলায় ভারত। তাদের সঙ্গে মোহাম্মদ শামিকেও একাদশে রাখা উচিত বলে মনে করেন সৌরভ। রাঞ্জি ট্রফিতে ভালো করেও দুই ম্যাচের এই সিরিজের দলেই ডাক পাননি শামি, তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। ৬৪ টেস্টের সবশেষটি তিনি খেলেছেন ২০২৩ সালের জুনে, ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
৩৫ বছর বয়সী এই সুইং বোলারকে দলে যোগ করার পরামর্শ দিলেন সৌরভ।
“তার (গাম্ভিরের) বুমরাহ, সিরাজ ও শামির ওপর বিশ্বাস রাখতে হবে। তিন দিনে নয়, পাঁচ দিনে টেস্ট ম্যাচ জিততে হবে।”
গুয়াহাটিতে আগামী শনিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।