১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চম বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় ডসন

৩৬ ছুঁইছুঁই বয়সে প্রথমবার বিশ্বকাপে মাঠে নামার স্বাদ নেওয়ার আশায় ইংল্যান্ডের এই স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 05:48 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

এবার কি শেষ হবে অপেক্ষা? রোমাঞ্চ নিয়ে দিন গুনছেন লিয়াম ডসন। চার-চারটি বিশ্বকাপে দলের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু বিশ্ব আসরের সত্যিকারের ছোঁয়া পাওয়া হয়নি। মাঠেই নামতে পারেননি একবারও। এবার ৩৬ ছুঁইছুঁই বয়সে সেই স্বাদ পেতে চান ইংল্যান্ডের এই স্পিনিং অলরাউন্ডার।

২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড দলে ছিলেন ডসন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের স্মরণীয় সেই সাফল্যেও তিনি ছিলেন অংশীদার। কিন্তু কোনোবারই ম্যাচ খেলার সুযোগ পাননি। পরে ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে না থাকলেও সফরসঙ্গী রিজার্ভ হিসেবে দলের সঙ্গেই ছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ জনের মূল স্কোয়াডেই ঠাঁই মিলে তার।

ইংল্যান্ড দলের সঙ্গে এখন শ্রীলঙ্কা সফরে আছেন ডসন। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বেশ ভালো বোলিং করেছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে খেলবেন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও। তবে তার মূল দৃষ্টি বিশ্বকাপে। 

“বয়স যত বাড়তে থাকে, দলে সম্পৃক্ততার সম্ভাবনাও কমতে থাকে। অনেক সময়ই এমন কিছু প্রত্যাশা করা যায় না। আমার বয়স এখন ৩৫, এখন দলে থাকতে পারাটা অসাধারণ। অবশ্যই বিশ্বকাপটিই হবে দারুণ উপলক্ষ্য, যদি আমাকে মাঠে নামার জন্য নির্বাচিত করা হয়।”

ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত চারটি টেস্ট, আটটি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন ডসন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে প্রায় তিন বছর পর তিনি জাতীয় দলে ফিরেছেন গত জুনে। এরপর মাঠে নেমেছেন তিন সংস্করণেই।